২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত সময়ের প্রথম ১০ মাসে জার্মানিতে নিটওয়্যার রপ্তানি খাতে প্রবৃদ্ধি সাড়ে ২৫ শতাংশ

কোটামুক্ত ২০০৫ সালের প্রথম ১০ মাসে দেশের নিটওয়্যার পণ্যের একক বৃহত্তম বাজার জার্মানিতে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ২৫ শতাংশ। অবশ্য একই সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি কমেছে সাড়ে ১৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এসময় জার্মানির বাজারে ওভেন গার্মেন্টস ও নিটওয়্যার পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে যথাক্রমে ৪৯ কোটি ৭০ লাখ ডলার এবং ৬৭ কোটি ৬০ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে এ হিসাব পাওয়া যায়। 

রপ্তানি বিশ্লেষণে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা কার্যকর হওয়ার পর গত দুই অর্থবছরে নিট পণ্য দ্বিগুনের বেশি রপ্তানি হয়ে জার্মানির অবস্থান দাঁড়ায় একক বৃহত্তম। যদিও এসময় জার্মানিতে একই হারে ওভেন রপ্তানি বাড়তে থাকলেও ২০০৫ সালের প্রথম ছয়মাসে প্রায় ২০ শতাংশ হ্রাস পায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক কর্মকতা বলেন, মার্কিন বাজারের ওপর নির্ভর করে দেশের গার্মেন্টস ও নিটওয়্যার শিল্পের বিকাশ হলেও ২০০৪ অর্থবছর থেকে ইইউ বাজারের প্রাধান্য দেখা যায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে দেখা যায়, প্রথম ছয় মাসে উচ্চহারে ওভেন গামেন্টস হ্রাস পেলেও চলতি অর্থবছরে এ খাতে সাড়ে ১৩ শতাংশ হারে রপ্তানি হ্রাস পায়। অন্যদিকে জার্মানির বাজারে নিট পণ্য রপ্তানি এ বছরের প্রথম ছয় মাসে সাড়ে ১২ শতাংশ হারে বৃদ্ধি পেলেও পরের চার মাসে এ হার ছিল ৪১ শতাংশ।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক শনিবার বিডিনিউজকে বলেন, দেশের একক বৃহত্তম নিটওয়্যার বাজার হওয়ার পর জার্মানিতে এখনও বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। তাছাড়া বড় বাজার প্রাপ্তির কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। ফলে বাজার সম্প্রসারণ অনেক সহজ।

তিনি বলেন, দশমাসের এ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। তাছাড়া সামগ্রিকভাবে জার্মানিতে বাজার বাড়ানোর জন্যে বিভিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর জার্মানিতে অনুষ্ঠিত হবে দেশের নিট পণ্যের একক মেলা।      

বিকেএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের নিট পণ্যের বড় ক্রেতা ‘কারসটাড কুয়েল’ ইতোমধ্যে আমাদের আশ্বাস দিয়েছে, এ বছরে তাদের আমদানি গত বছরের চাইতে ৫০ শতাংশ বাড়াবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএিমইএ) সাবেক সভাপতি আনিসুল হক ইইউ’র বৃহত্তম বাজারে এত উচ্চহারে ওভেন গার্মেন্টস রপ্তানি হ্রাস পাওয়াকে আশংকাজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিশেষ করে চীনের বাজারের ওপর কোটা আরোপ এবং শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির পর এ ধরনের রপ্তানি  হ্রাসে পর সামগ্রিক বাজার সম্পর্কে সরকারের অধিক সচেতন হওয়া দরকার।

তিনি বলেন, ২০০৮ সালের পরে এ বাজারে আরো নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সরকারের কার্যকর সচেতনতা ও সহায়তামূলক কার্যক্রম সংকটপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।

সূত্র জানায়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন মন্ত্রণালয়ের বাস্তবায়ন এজেন্সি জিটিজেড এ মেলা আয়োজনে সহায়তা করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ বহন করবে এবং জার্মানিতে মেলা সংগঠনের খরচ বহন করবে জিটিজেড।

সূত্র জানায়, জার্মানির ‘ফ্রাঙ্কফুট’ বা ‘ডুসেলডরফ’ শহরে এ মেলা অনুষ্ঠিত হবে। অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।