টাটার বিনিয়োগ প্রস্তাবের প্রতিবাদ করেছে তেল--গ্যাস রক্ষা জাতীয় কমিটি
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বুধবার বাংলাদেশে টাটা গ্র“পের বিনিয়োগ প্রস্তাবের প্রতিবাদ করে বলেছে, সামগ্রিক বিশ্লেষণে দেখা গেছে, স্বল্প ও দীর্ঘ মেয়াদে টাটার এই বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশের অর্থনীতির টেকসই উৎপাদনশীল ভিত্তি গড়ার সম্ভাবনাকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলবে।
একই সাথে জনগণের জীবন, সম্পদ ও নিরাপত্তার অপূরণীয় ক্ষতি করবে।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে বুধবার তেল--গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা বলেন, বাংলাদেশে স্টিল, বিদ্যুৎ ও সার শিল্পে টাটা গ্র“পের ২ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলারের বিনিয়োগ প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করতে ব্যর্থ হলে এই কমিটি অনান্য বিভিন্ন পেশাজীবী সংগঠনকে সাথে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ প্রশ্ন করেন, যেখানে দেশের প্রমাণিত গ্যাস মজুদ ২০১১ সালের পর চলবে কি--না, তা নিশ্চিত নয়, সেখানে কীভাবে টাটাকে গ্যাস সরবরাহ করা যায়?
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ তার লিখিত বক্তব্যে বলেন, সরকারের প্রথমেই উচিত, স্থানীয় গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, জুনায়েদ সাকী এবং এ্যাড. আব্দুস সালাম।
আনু মোহাম্মদ বলেন, দেশে বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবকে সব সময় স্বাগত জানানো ঠিক নয়, যদি এটি দেশের অধিকাংশ জনগণের স্বার্থের পরিপন্থি হয়।
সরকার যদি এই প্রস্তাব গ্রহণ ও গ্যাসের মূল্য অপরিবর্তিত রাখে, তবে বিনিয়োগের এই দীর্ঘ সময়ে গ্যাসের মূল্য বাবদ দেশ বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সম্মুখীন হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, টাটার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়ন হলে বিপুল ভর্তুকির কারণে রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, গ্যাস ও অনান্য খনিজ সম্পদের ওপর টাটার উত্তরোত্তর কর্তৃত্ব বৃদ্ধি, দেশীয় ক্ষুদ্র ও মাঝারিসহ সকল প্রকার শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত এবং বিদ্যুৎখাতে আরো বিপর্যয়সহ কমপক্ষে ১১ ধরনের ক্ষতি হবে।
