২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত সময়ে প্রথমবারের মত পরপর দু’মাস ওভেন গার্মেন্টস রপ্তানি বেড়েছে

কোটামুক্ত সময়ে প্রথমবারের মত অক্টোবর, নভেম্বর- দু’মাস দেশের বৃহত্তম রপ্তানি খাত গার্মেন্টস-এর রপ্তানি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৭৪ শতাংশ। জুলাই-নভেম্বর মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪শ’ ১ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো বুধবার এ তথ্য জানিয়েছে।

ব্যুরোর এক কর্মকতা জানান, এসময় ওভেন গার্মেন্টস-এর পরপর দু’মাস রপ্তানি বাড়া এবং নিটওয়্যার খাতে রপ্তানির উচ্চ হারে প্রবৃদ্ধি থাকায় সামগ্রিকভাবে মোট রপ্তানিতে এ বৃদ্ধি ঘটেছে। 

ব্যুরোর এক কর্মকর্তা জানান, পাঁচ মাসে গার্মেন্টস খাতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১৫৩ কোটি ৩৩ লাখ ডলার। তবে গত দু’মাসে এ খাতে গড় প্রবৃদ্ধির হার ছিল ২২ শতাংশ।

এসময় নিটওয়্যার খাতে ২৫ শতাংশ প্রবৃদ্ধির কারণে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১৪৬ কোটি ডলার। এ খাতে নিটওয়্যার রপ্তানির লক্ষ্যমাত্রা থেকেও এক শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে।

কর্মকতা আরো জানায়, নভেম্বর মাসে নিটওয়্যার রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১৯ শতাংশ।

চলতি সময়ে রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে টেক্সটাইল ফেব্রিক্স খাতে। এ খাতে ২৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মোট রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮১ লাখ ডলার।

এছাড়াও চামডা, পেট্রোলিয়ামজাত পণ্য, কাঁচা পাট, কৃষিজাত পন্য এবং কম্পিউটার খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে চা, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও  হোম টেক্সটাইল রপ্তানি কমেছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত খাদ্য রপ্তানি ৭ শতাংশ কমে দাঁড়ায় ১৬ কোটি ৫৪ লাখ ডলার। যদিও এ সময়ের হিমায়িত খাদ্য লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

অন্যদিকে, পাঁচ মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানির মোট পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ ডলার এবং প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৭২ ও ১৬ শতাংশ। কৃষিজ পণ্য ও চামড়ার রপ্তানি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫০ ও ১৪ শতাংশ। এ দু’খাতে মোট রপ্তানির পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ কোটি ৬০ লাখ এবং ৯ কোটি ৬০ লাখ ডলার।

এ অর্থবছরের প্রথম পাঁচ মাসে উচ্চ রপ্তানি বাড়ার প্রধান কারণই ছিল প্রাথমিক ও উৎপাদিত উভয় পণ্যের পরিমাণগত রপ্তানির ১৬ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি।