২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আরেক দফা বৃদ্ধির ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সরকারের ক্রমবর্ধমান ক্ষতি পুষিয়ে নিতে জ্বালানি তেলের দাম আরেক দফা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টের তথ্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দিতে গিয়ে সাইফুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সরকারের যে তেলের পিছনে প্রতি লিটারে ৬০ টাকা খরচ হয়, সে তেল আমরা প্রতি লিটার ৪০ টাকায় বিক্রি করতে পারি না। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে কেউই আমাদের সস্তায় তেল দেয় না।

নবনির্বাচিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি এম এ মোমেন ও চেম্বারের অন্যান্য সদস্যদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

চার স্তরের শুল্ক কাঠামো, আয়কর সংক্রান্ত সমস্যার সমাধান ও কর্মদিবস পাঁচদিনের স্থলে ছয়দিন করার বিষয়টি বিবেচনা করতে ডিসিসিআই কর্মকর্তারা মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের সোমবার প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়, অর্থ বছরের চাপ কমিয়ে আনতে জ্বালানি তেলের দাম আবার বিবেচনা করা প্রয়োজন দেখা দিতে পারে।

অর্থমন্ত্রী সাইফুর বলেন, সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম একই। আর বাংলাদেশকে আন্তর্জাতিক দাম দিয়েই জ্বালানি তেল কিনতে হয়।

সাইফুর রহমান বলেন, উন্নত বিশ্বে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের দামের সাথে প্রতিদিনই সামঞ্জস্য এনে পুনর্নির্ধারণ করা হয়। ভারতসহ অনেক দেশই নিয়মিতভাবে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে। এমনকি পাকিস্তানও সাপ্তাহিকভাবে দাম পুনর্নির্ধারণ করে থাকে।

২০০১ সালে ক্ষমতায় আসার পর চারদলীয় জোট সরকার আটবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর প্রথমবার তেলের দাম বাড়ানো হয়েছিল।

বর্তমানে প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪৫ ও ৪২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৩০ ও কেরোসিনের দাম ৩০ টাকা।

বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি লিটার অকটেনের দাম ছিল ২৫ টাকা ও পেট্রোলের দাম ছিল ২৩ টাকা।