২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে প্যানেল রেন্টের নামে চার গুণ চার্জ আদায় বন্ধ করতে হবে: বিজিএমইএ

চট্টগ্রাম বন্দরে প্যানেল রেন্টের নামে চার গুণ চার্জ আদায় বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দ। দেশের ফ্রেইট ফরওর্য়াড ও শিপিং এজেন্টদের জটিলতায় পণ্য ছাড়ে বিলম্বের কারণে এ চার্জ আদায় করা হচ্ছে বলে তারা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রী আকবর হোসেনকে লেখা এক চিঠিতে বলেন, ফ্রেইট ফরওর্য়াড ও শিপিং এজেন্টদের জন্যে প্রয়োজনীয় আইন এবং কোড অব কন্ডাক্ট না থাকায় তারা নানা রকম জটিলতা সৃষ্টি করছে। এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছাড়ে বিলম্ব হচ্ছে এবং আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

চিঠিতে টিপু মুন্সী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ২০ জুন ফ্রেইট ফরওর্য়াডের লাইসেন্সিং চালু করার জন্যে জাতীয় রাজস্ব বোর্ড, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে দ্বায়িত্ব দেওয়া হলেও এ ব্যাপারে সমাধান হয়নি।

টিপু মুন্সী আরো বলেন, চট্টগ্রাম বন্দর যখন টার্ন রাউন্ড টাইম সাতদিন কাটিয়ে দেয়, তখনও আমাদের প্রতিবাদ জানানোর কোনো ব্যবস্থা নেই।

তিনি বলেন, সামগ্রিকভাবে রপ্তানি খরচ বাড়ছে এবং আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

গত ডিসেম্বরের শুরুতে রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক ফ্রেইট ফরওর্য়াড ও শিপিং এজেন্টদের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগ আনে।

বেশ কয়েক বছর আগে ফ্রেইট ফরওর্য়াড ও শিপিং এজেন্টদের জন্যে লাইসেন্স দেওয়ার বিধান করা হলেও এখন পর্যন্ত কোনো লাইসেন্স দেওয়া হয়নি।

রাজস্ব বোর্ড নতুন বিধি প্রণয়নের প্রয়োজনীয়তার উল্লেখ করলেও ফ্রেইট ফরওর্য়াড ও শিপিং এজেন্টরা পুরনো বিধি অনুযায়ী আগে লাইসেন্স প্রদানের দাবি জানায়। অবশ্য ফ্রেইট ফরওর্য়াড সমিতি মুদ্রা পাচারের ওই অভিযোগ অস্বীকার করে।