শ্রীলংকায় বাংলাদেশ বাণিজ্য মেলায় বেক্সিমকো ফার্মার ৫২ হাজার মার্কিন ডলারের স্পট অর্ডার প্রাপ্তি
দেশের অন্যতম ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রীলংকায় সদ্য সমাপ্ত বাংলাদেশ একক দেশীয় বাণিজ্য মেলায় ৫২ হাজার মার্কিন ডলারের স্পট অর্ডার পেয়েছে।
কলম্বোয় আয়োজিত জানুয়ারি ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত এ মেলায় বেক্সিমকো ফার্মার পণ্য শ্রীলংকার বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
শ্রীলংকার বাণিজ্য মন্ত্রী জয়ারাজ ফার্নান্দোপুল কোম্পানিটির মিটার্ড ডোজ ইনহেলার, ন্যাজাল ¯েপ্র, সাসটেইনড রিলিজ পণ্য, ইনজেক্টেবলস ও সাপোজিটরির মতো উচ্চ - প্রযুক্তি সম্পন্ন পণ্যের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
স্বাস্থ্য মন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভাও বেক্সিমকো ফার্মা থেকে আইভি ফ্লুইডস (স্যালাইন) আমদানি করার ইচ্ছা প্রকাশ করেন।
স্টল পরিদর্শনকালে শ্রীলংকার মন্ত্রীরা বেক্সিমকোর ওষুধের আন্তর্জাতিক মানের উৎকর্ষতার প্রশংসা করেন।
বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার রিজভী - উল - কবির কোম্পানির কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।
বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, চিকিৎসক, ফার্মাসিউক্যিালস প্রতিনিধি, বিদেশী ওষুধের বিতরণকারী, বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, ওষুধের দোকান এবং কসমেটোলজি সেন্টারের প্রতিনিধি ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীরা বেক্সিমকো ফার্মার স্টল সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। দর্শনার্থীরা বেক্সিমকো ফার্মার পণ্য ও মাইলফলক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন।
বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, মেলায় অংশগ্রহনে কোম্পানির প্রধান উদ্দেশ্য ছিল শ্রীলংকায় বেক্সিমকো ফার্মার ওষুধ পরিচিত করে তোলা।
“বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমরা এই মেলায় দেশের ওষুধ শিল্পের দ্রুত বিকাশমান পরিস্থিতিও তুলে ধরেছি। এছাড়াও বেক্সিমকো ফার্মার নতুন উদ্ভাবন ও প্রক্রিয়াধীন গবেষণা প্রক্রিয়াও এই মেলায় আমরা প্রদর্শন করেছি।”
তিনি বলেন: অভিজ্ঞতা বিনিময়, ওষুধ উৎপাদনে নতুন নতুন কার্যক্রম উপস্থাপন ছাড়াও এ মেলার মাধ্যমে আমরা বৈদেশিক পার্টনার সন্ধানের সুযোগ পেয়েছি।
তিনি বলেন, দেশের অন্যতম ওষুধ রপ্তানিকারক কোম্পানি হিসেবে বেক্সিমকো ফার্মা এর অবস্থান বহাল রাখতে এবং বিভিন্ন দেশে এর বিক্রয়ের নেটওয়ার্ক বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং শ্রীলংকায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলাদেশের বিভিন্ন খাত থেকে ৪৬ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
শ্রীলংকার বানিজ্য মন্ত্রী জয়ারাজ ফার্নান্দোপুল এবং বাংলাদেশের বানিজ্য মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এ মেলা উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে শ্রীলংকায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম ইয়াকুব আলী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এক্সিকিউটিভ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ জাকির হোসেন বেক্সিমকো ফার্মার স্টল পরিদর্শন করেন।
