এমএফএ’র অবসান বাংলাদেশের ওভেন রপ্তানি ক্ষতিগ্রস্ত করেছে : বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক সোমবার বলেছে, এমএফএ অবসানের পর বিশ্ব বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় মাত্রায় ও নেতিবাচকভাবে প্রভাব ফেলেছে।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ২০০৫ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ওভেন তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রতি মাসের বাজার পর্যালোচনা করে ২০০৪ সালে তুলনায় ২০০৫ অর্থ বছরে একই সময়ে ধারাবাহিক পতনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি।
বাংলাদেশ ব্যাংক জানায়, ওভেন পোশাকের রপ্তানির পরিমান ২০০৫ সালে দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবশ্য ২০০৪ সালে এটি ছিল ৯ দশমিক তিন শতাংশ। অপরদিকে মূল্যের দিক থেকে ২০০৫ সালে ওভেন পোশাকের রপ্তানি বৃদ্ধি ঘটেছিল ১ দশমিক ৭ শতাংশ। ২০০৪ সালে এটি ছিল ৮ দশমিক ৬ শতাংশ।
বিবি জানায়, অবশ্য মূল্য ও পরিমানের দিক থেকে নিটওয়্যার রপ্তানি উল্লেখিত সময়ে রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। মূল্যের দিক থেকে নিটওয়্যারের রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ৩ শতাংশ ও পরিমানের দিক থেকে বেড়েছে ৩১ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানায়, শুল্কমুক্ত প্রবেশাধিকারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ওভেন ও নিটওয়্যারের ভাল ভবিষ্যত রয়েছে।
তবে চীন ও ভারতের শ্রমিকদের উচ্চ উৎপাদনক্ষমতা, আধুনিক প্রযুক্তি, অল্প সময়ের মধ্যে অর্ডার সরবরাহ করার প্রবণতা এবং উন্নততর অবকাঠামোগত সুযোগ-সুবিধা থাকার কারণে বাংলাদেশ বিশ্ব বাজারে ওভেন ও নিটওয়্যার রপ্তানির ক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারে এমনকি দেশ দু’টির কাছে বাজার হারাতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আশংকা করেছে।
