২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের উদাসীনতায় বাংলাদেশে ইমিটেশন জুয়েলারি শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে

সরকারের পৃষ্ঠপোষকতা, উদাসীনতা এবং আমদানিকৃত কাঁচামালের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের ইমিটেশন জুয়েলারি শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রাজধানীর চকবাজার এলাকার জুয়েলারি পণ্য আমদানিকারক ও পাইকার কবির হাজী বিডিনিউজকে জানান, সরকারের সহযোগিতার অভাবে দেশে জুয়েলারি শিল্প স্থাপনের ইচ্ছাকে কবর দিয়ে আমরা চীন ও ভারত থেকে কয়েকশ’ কোটি টাকার ইমিটেশন জুয়েলারি পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছি।

ইন্ডিয়ান সিটি গোল্ডের আমদানিকারক রিপন স্টোরের সাখায়াতুল্লাহ আজাদ জানান, ভারতীয় পণ্যের অবাধ প্রবেশের বিষয়টি ইমিটেশন জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে আমাদের হতাশ করেছে।

প্রতি বছর জুয়েলারি ক্রয়বিক্রয়ে কী পরিমাণ অর্থ লেনদেন হয় সে সম্পর্কে যদিও আমদানিকারক ও পাইকাররা প্রকৃত কোন পরিসংখ্যান দিতে পারেননি, তারপরও তারা বলেছেন, জুয়েলারি শিল্পে প্রতি বছরের লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকার কম হবে না।

তাদের তথ্যানুযায়ী, ইমিটেশন ব্যবহারকারীদের ৯০ শতাংশই গ্রামের অধিবাসী।

ইমিটেশন জুয়েলারি পণ্যের মধ্যে হার, ব্রেসলেট, দুল, কানের দুল, রোজারিজ, শেল নেকলেস এবং অ্যাংকলেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য জুয়েলারি পণ্যের চাহিদাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

নাসির মেটাল অ্যান্ড প্লাস্টিকস ইন্ডাস্ট্রিজের স্বত্তাধিকারী নাসির উদ্দিন জানান, একটি কারখানা স্থাপন করতে আমি ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছি। কারখানায় ৪০০ শ্রমিক কাজ করে। কিন্তু কাঁচামালের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ও ব্যাংক ঋণ সহজলভ্য না হওয়ায় এখন প্রতিযোগিতায় টিকে থাকা দায় হয়ে পড়েছে।

তিনি বলেন, আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অনেক কাঁচামালের দাম গত চার বছরে ৪০০ থেকে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, চার বছর আগে প্রতি কেজি সিলভার তারের দাম ছিল ১২০ টাকা। আর ২০০৫ সালে এর দাম কয়েকগুন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৫০ টাকা। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সোনা ইত্যাদির দামও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

নাসির আরো বলেন, সরকার সহযোগিতা করলে বাংলাদেশের বাজার থেকে ভারতীয় ও চীনের জুয়েলারি পণ্য বের করে দেওয়ার সবধরনের যোগ্যতা বাংলাদেশী প্রস্তুতকারকদের রয়েছে।

তার ভাষায়, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার সহজ শর্তে ঋণ প্রদান করতে পারে এবং আমদানি শুল্ক হ্রাস করতে পারে।

চকবাজারের পাইকারী বিক্রেতা নওয়াব মিয়া জানান, কয়েক বছর আগে আমি বড় আকারে জুয়েলারি কারখানা খুলেছিলাম। কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি ও ব্যাংক ঋণ না পাওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়েছি।