২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোয় বাংলাদেশী একক বাণিজ্য মেলা ২০-২৩ জানুয়ারি

শ্রীলংকার কলম্বোতে এই প্রথমবারের মতো দেশীয় শিল্প পণ্যের রপ্তানী উন্নয়ন ঘটাতে আগামী ২০- ২৩ জানুয়ারি পর্যন্ত চারদিনব্যাপী বাংলাদেশী একক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাংগঠনিক ব্যবস্থাপনায় ও কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় শ্রীলংকা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ মেলা আয়োজন করা হচ্ছে। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শ্রীলংকায় বাংলাদেশী পণ্যের রপ্তানি বাজার সুসংসহত ও সম্প্রসারিত করা।

মেলায় ১৭টি পণ্য ক্যাটাগরির অধীনে বাংলাদেশের ৪৫টি প্রদর্শক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। পণ্য ক্যাটাগরিসমূহ হচ্ছে ঔষধ, শাড়ী, সিল্ক সামগ্রী, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, হস্তশিল্পজাত সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির ব্যাটারি, ড্রাইসেল ব্যাটারি, পাটজাত পণ্য, খাদ্য সামগ্রী, কসমেটিকস ও টয়লেট্রিজ, তৈজসপত্র, বৈদ্যুতিক ক্যাবল, কাঁচ, সিরামিক সামগ্রী এবং স্টেশনারি।  

শ্রীলংকার বাণিজ্য, বাজার উন্নয়ন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী জংরাজ ফারকান্দাপুলে ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী যৌথভাবে এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কুটনীতিকগণ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

‘বাংলাদেশ শ্রীলংকার কাছে এদেশে আসা ও বিনিয়োগের করার জন্য প্রস্তাব রাখবে’ বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশ্যে যাত্রাকালে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন। মেলা উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হবে। এতে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলা উপলক্ষ্যে কলম্বো সফরকালে বাণিজ্য মন্ত্রী সেখানকার কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্তাব্যক্তির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা বৈঠকে মিলিত হবেন।