২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ ও ৫০০ টাকার নোটের সাইজ, নিরাপত্তা বৈশিষ্ট্য পরিবর্তন আনবে সরকার

ক্রমবর্ধমান জাল টাকার বিস্তার রোধ করতে সরকার বাজারে প্রচলিত ১০০ ও ৫০০ টাকার নোটের আকার ও নিরাপত্তা বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের পর মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয়। চেয়ারম্যান মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জাল টাকার প্রচলন রোধ করতে ১০০ ও ৫০০ টাকা নোটের আকার ও নিরাপত্তা চিহ্নে শীঘ্রই পরিবর্তন আনা হবে।

বৈঠকে জাল নোট সংক্রান্ত ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় এবং ইতোপূর্বে সংসদে উত্থাপিত ও এই কমিটিতে প্রেরিত ‘নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) ২০০৫ বিল’ নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হয়। এছাড়া কতিপয় সংশোধনীসহ সংসদে উত্থাপনের জন্য বিলটির উপর রিপোর্ট চূড়ান্ত করা হয়।

বৈঠকে স্ট্যান্ডিং কমিটির সদস্য ছায়েদুল হক, এ এম রিয়াছাত আলী বিশ্বাস, আজিজুর রহমান চৌধুরী, গাজী মো. শাহজাহান এবং আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ আবুল হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, পর্যবেক্ষণ সংস্থা হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকে মুদ্রা জালিয়াতির উৎস চিহ্নিত করতে হবে এবং সারাদেশে জাল নোটের ক্রমবর্ধমান বিস্তার রোধের লক্ষ্যে প্রতিরোধমূলক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন স্ক্যানার ও রঙ্গিন ফটোকপিয়ারের মত উন্নত প্রযুক্তির সহজলভ্যতা ও ব্যবহারের সুবিধাকে কাজে লাগিয়ে একটি কুচক্রী মহল জাল নোট তৈরি করছে।

রহমান বলেন, জাল নোট শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ করে বাংলাদেশ ব্যাংককে তার প্রযুক্তিগত সুবিধা হালনাগাদ করতে হবে।

তিনি বলেন, এ ব্যাপারে ব্যাপক আকারে জরিপ করতে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছি।

গণমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে জাল নোটের ব্যাপারে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

জাল নোট সংক্রান্ত ঝুলে থাকা মামলার সংখ্যা বৃদ্ধির ব্যাপারে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের উপাত্ত অনুযায়ী, ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত আদালতে জাল নোট সংক্রান্ত ঝুলে থাকা মামলার সংখ্যা ছিল ২,৬৯৮। আর ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালে এ ধরনের মামলার সংখ্যা ছিল যথাক্রমে ১০৯৭, ১৪৯৬, ১৮৬৮, ২১৪৬ এবং ২৩৯৯।