২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণ কার্যকর করতে আইনের সংশোধন প্রয়োজন

তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্যে এতে সংশোধনী আনার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বেসরকারি সংস্থা ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং এফসিটিসির সাথে সমন্বয়’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

তারা আরো বলেন, আইনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তজার্তিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ‘ফ্রেমওর্য়াক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল- এফসিটিসির উপযোগী করে তোলা প্রয়োজন।

ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা (তামাক নিয়ন্ত্রণ) ডা. খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাকসুদ মান্নান এবং বাণিজ্য মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কর্মকতা ও চিকিৎসকগণ।

কর্মশালায় এফসিটিসি’র গুরুত্ব এবং বর্তমান আইনকে এফসিটিসি’র পর্যায়ে উন্ন্য়নে করণীয় বিষয়ক সুপারিশ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকতা ড. মোস্তফা জামান এবং ট্রাস্টের কর্মকতা সৈয়দ মাহবুবুল আলম। তারা এফসিটিসির সঙ্গে দেশে বর্তমান আইনের বিভিন্ন অসঙ্গতির কথা উল্লেখ করেন।

কর্মশালায় গৃহীত অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে- আইন সংশোধনের জন্যে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, তামাকবিরোধী গণসচেতনতা বাড়ানো, আইন ভঙ্গের কারণে তামাকজাত দ্রব্য উৎপাদনকারী কোম্পানির জন্যে জরিমানা বৃদ্ধি, তামাক বিক্রয় নিয়ন্ত্রণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্ম-দায়িত্ব পরিষ্কার করা, ধোঁয়াবিহীন তামাককে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় নিয়ে আসা।  

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, আইন ভঙ্গের কারণে বেশি মামলা হলে তামাক নিয়ন্ত্রণ অনেকখানি সহজ হতো।

গ্রামীণ পর্যায়ে তামাক নিয়ন্ত্রণের সমস্যা তুলে ধরে এখলাসপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জসিম উদ্দিন বলেন, গ্রামীণ এলাকায়, বিশেষ করে বড় হাট-বাজারগুলোতে তামাক নিয়ন্ত্রণের জন্যে স্থানীয় সরকারকে দ্বায়িত্ব দেওয়া উচিত।

স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ব্রিট্রিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগে মামলা করেছে। সরকার দেশে গত বছরের ১৫ মার্চ এ আইন চালু করে। পাশাপাশি সরকার এফসিটিসি অনুসমর্থন করেছে।