ইউরোপের বাজারে ক্রেতারা লুফে নিচ্ছে বাংলাদেশী সোয়েটার
ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি সোয়েটার প্রতিদ্বন্দ্বী ভারতীয় সোয়েটারের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
বাংলাদেশে সস্তায় নারী শ্রমিকের সহজলভ্যতার সুযোগকে কাজে লাগিয়ে ভারতের চেয়ে অপেক্ষাকৃত কম দামে সোয়েটার দেয়ায় এবারের শীতে ইউরোপের ক্রেতারা বাংলাদেশের সোয়েটার লুফে নিচ্ছে।
সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও ইউরোপীয় কমিশনের (ইসি) সূত্রে জানা যায়, ২০০৫ সালের জানুয়ারি--সেপ্টেম্বর সময়ে বাংলাদেশে তৈরি সোয়েটারের দাম আড়াই শতাংশ ও পাকিস্তানে তৈরি সোয়েটারের দাম পাঁচ শতাংশ কমে গেলেও ভারতের সোয়েটারের দাম সাত দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পায়। এর ফলে ২১৩ রুপির ভারতীয় সোয়েটারের দাম বেড়ে গিয়ে দাঁড়ায় ২৩০ রুপিতে। এর মাঝে বাংলাদেশী সোয়েটার ইউরোপের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
ইউরোপের বাজারে ভারতের মোট রপ্তানি প্রায় ১৬ শতাংশ কমে গেলেও বাংলাদেশ ও ভারতের যথাক্রমে আট ও ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। এক্ষেত্রেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় এগিয়ে রয়েছে।
অবশ্য সোয়েটারের রপ্তানি মূল্যের পতনের ক্ষেত্রে ভারতের অবস্থান ভাল রয়েছে। তাদের সোয়েটারের রপ্তানি মূল্য কমেছে নয় দশমিক ১৭ শতাংশ। আর বাংলাদেশ ও পাকিস্তানে তৈরি সোয়েটারের রপ্তানি মূল্যের পতন ঘটেছে যথাক্রমে ১০ দশমিক ৫৯ ও নয় দশমিক ৭২ শতাংশ।
এ ব্যাপারে একজন শিল্প বিশ্লেষক জানান, এক্ষেত্রে বাংলাদেশ অন্যান্যদের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। বৃহৎ সুযোগ থাকায় বাংলাদেশ আরও দাম কমাতে সক্ষম। ভারতের সে সুযোগ না থাকায়, দাম কমানোর ক্ষেত্রে তাদের সুযোগ সীমিত।
অবশ্য ইউরোপে সোয়েটারের বাজার হারানোর ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানই একমাত্র ক্ষতিগ্রস্ত তিনটি দেশ নয়। ইউরোপের বাজারে সোয়েটার রপ্তানির ক্ষেত্রে মাত্র চারটি দেশ তাদের পূর্বের অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন।
সোয়েটার রপ্তানি পরিমাণ ১৭ শতাংশ ও দাম আট শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ্ব বাণিজ্যে সোয়েটারের বাণিজ্য বর্তমানে চার দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। তারপরও চীনকে বাদ দিলে সবদিক থেকে সোয়েটারের রপ্তানি বাণিজ্য পড়তির দিকে।
উল্লেখ্য, দামের ক্ষেত্রে চীনের সোয়েটার রপ্তানি ৩৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর পরিমাণের ক্ষেত্রে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৫৩২ শতাংশ।
