মায়নমার থেকে ভারতে গ্যাস নিয়ে যাওয়ার উদ্যোগ ভেস্তে গেছে
দামের প্রশ্নে সমঝোতা না হওয়ায় মায়ানমারের এ- ১ এবং এ- ২ ব্লকের গ্যাস ভারতে নিয়ে যাওয়ার উদ্যোগ ভেস্তে গেছে। একই সাথে এ দুই ব্লকের ছয় দশমিক আট ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস বিক্রির জন্যে মায়ানমার চুক্তি করেছে চাইনিজ ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি) ও তার হংকং ভিত্তিক অংশীদারের সাথে।
এ চুক্তির ফলে মায়ানমার প্রতি হাজার ঘনফুটের দাম পাবে চার দশমিক ৮৫ মার্কিন ডলার।
এদিকে মায়ানমার ও চীনের মধ্যে সমঝোতার কারণে সেখানকার গ্যাস ভারতে নেয়ার জন্যে প্রস্তাবিত ত্রিদেশীয় পাইপ লাইনের ভবিষ্যত নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অবশ্য এ প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠান মোহনা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে বি আহমেদ বলেছেন, ভারত আমলাতন্ত্র ও রাজনীতির বাইরে এসে আন্তর্জাতিক বাজার দামে গ্যাস কিনতে চাইলে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হলে ত্রিদেশীয় পাইপলাইন প্রকল্পের কোনো সমস্যা হবে না। কেননা মায়ানমার মোহনার কাছে ভারতে রপ্তানির জন্যে গ্যাস বিক্রি করতে প্রতিশ্র“ত।
কেবি আহমেদ জানান, মায়ানামারের কাছে ১৮ থেকে ২০ টিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। ওই মজুদ থেকে তারা ভারতে রপ্তানির জন্যে মোহনাকে গ্যাস দেবে। এ- ১ এবং এ- ২ ব্লক থেকে গ্যাস দেওয়ার সুনির্দিষ্ট কোনো কথা ছিল না। তবে এ ব্লক দুটিতে ভারতীয় প্রতিষ্ঠান ওএনজিসি এবং গেইল এর ৩০ শতাংশ শেয়ার থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছিল, ওই ব্লক থেকে গ্যাস সরবরাহ করা হবে।
সম্প্রতি মায়ানামারের পক্ষ থেকে সিএনপিসি‘র সাথে আগামী ৩০ বছরে ছয় দশমিক আট টিসিএফ গ্যাস বিক্রির জন্যে চুক্তি হয়েছে। এ ব্যবসায় সিএনপিসি ৬০ শতাংশ এবং হংকং ভিত্তিক একটি চীনা প্রতিষ্ঠানের ৪০ শতাংশ শেয়ার রয়েছে।
জানা গেছে এর আগের দিনে গ্যাসের দাম নির্ধারণ প্রশ্নে ভারত ও মায়ানমারের আলোচনা ভেস্তে যায়। এখানে ভারত প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে মায়ানমার সরকারকে সাড়ে তিন মার্কিন ডলার দিতে চায়। কিন্তু মায়ানমার তাতে সম্মত না হয়ে সিএনপিসির প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে মায়ানমার থাইল্যন্ডের কাছে প্রতি হাজার ঘনফুট গ্যাস বিক্রি করছে চার দশমিক ৩৫ মার্কিন ডলার দামে।
এ চুক্তির ফলে সিএনপিসি মায়ানমারকে কূপ উন্নয়নে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে। অন্যদিকে আকিয়াবে একটি বিশেষায়িত অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্যে চীন সরকার মায়ানামারকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে।
মায়ায়মারের একটি সূত্র জানায়, ত্রিদেশীয় পাইপ লাইন আলোচনার পর্যায়ে তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকের পর প্রায় এক বছর কেটে গেলেও এ পাইপ লাইন প্রশ্নে এখনো বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়নি। আবার ভারতও গ্যাসের প্রকৃত দাম নিয়ে গড়িমসি শুরু করেছে। এ পরিস্থিতিতে মায়ানমারকে সিএনপিসি‘র সাথে চুক্তিতে যেতে হয়েছে।
সূত্র আরো জানায়, ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন স্থাপনে সমঝোতা হলে এবং ভারত প্রকৃত দামে গ্যাস কিনতে চাইলে মায়ানমার তাদের অন্য উৎস থেকে চুক্তি অনুসারে গ্যাস সরবরাহ দিতে প্রস্তুত আছে।
উল্লেখ্য, ত্রিদেশী পাইপ লাইন নির্মাণে নিজেদের ভুমি ব্যবহারের বিপরীতে বাংলাদেশ তিনটি শর্ত দিলে তা ভারত মেনে নিতে নীতিগতভাবে সম্মত হয়। কিন্তু পরে ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারের ঢাকা সফরের সময় এ নিয়ে দু’দেশের মধ্যে অগ্রগতি হয়েছে এমন দাবি করা হলেও গত চার মাসে এ নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। নিজেদের অবস্থান জানিয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সময় সময় সাংবাদিকদের বলেছেন, ভারতের কাছে থেকে আমরা এখনো ‘হ্যা’র অপেক্ষায় আছি।
