২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা শেষ, ৩৩ কোটি টাকার রপ্তানির অর্ডার

দেশের ১১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ৩৩ কোটি টাকার রপ্তানির অর্ডার পেয়েছে। মাসব্যাপী বার্ণিজ্য মেলা সোমবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে মেলা কর্তৃপক্ষ এ তথ্য দেন।

তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সরকার যথাযথভাবে রপ্তানি বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখতে না পারলেও প্রতি বছর দেশের রপ্তানি বাণিজ্য বেড়ে চলেছে। মুক্তবাজার অর্থনীতিতে এ অঞ্চলের রপ্তানি বাড়ানো সম্ভব হয়েছে।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন ও ইপিবির সহ-সভাপতি মীর শাহাবুদ্দিন মোহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, ২০০৫ সালে দেশের রপ্তানি আয় ছিল প্রায় সাত বিলিয়ন যা গত বছরের তুলনায় এক বিলিয়ন বেশি।

তিনি বলেন এই ধরনের মেলা রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সাহায্য করে।

পরে তথ্যমন্ত্রী পারফরম্যান্সের ভিত্তিতে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরন করেন।

পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এশিয়ান টেক্টাইল মিলস লিমিটেড, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরনেট সার্ভিস লিমিটেড, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড।