নাইকো ৪২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে
সুনামগঞ্জের টেংরাটিলার ছাতক গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয় শ’ ২৫ টি পরিবাবের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৪২ লাখ টাকার চেক সরকারের কাছে হস্তান্তর করেছে নাইকো রিসোর্স লিমিটেড।
নাইকো কর্মকর্তারা জানান, বাংলাদেশে নিযুক্ত নাইকোর কান্ট্রি ম্যানেজার ব্রায়ান জে অ্যাডল্ফ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।
ক্ষতিপূরণ বাবদ সর্বশেষ বরাদ্দ অগ্নিকাণ্ডের স্থল থেকে তিন কিলোমিটারের মধ্যে বসবাসকারী পরিবারগুলোকে দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবারকে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাত্র একটি পরিবারকে এক লাখ ৩৩ হাজার টাকা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে বিতরণের জন্য জ্বালানি উপদেষ্টা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর করবেন।
জ্বালানি উপদেষ্টার সাথে আলাপকালে নাইকোর কান্ট্রি ডিরেক্টর ব্রায়ান টেংরাটিলা থেকে ১৬ কিলোমিটার দূরে স্থাপিত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যাপারে সিদ্ধান্তের জন্য যত শিগগির সম্ভব সরকারের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
