২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর কর অবকাশ প্রদানে টাটার প্রস্তাব সরকারের প্রত্যাখ্যান

ভারতের বড় ধরনের শিল্প ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান টাটা গ্র“প নয় বছরের কর অবকাশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব পেশ করেছে, সরকার শনিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাংলাদেশে টাটা গ্র“পের আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব বিষয়ে টাটা ও বাংলাদেশ সরকারের মধ্যে শুরু হওয়া চতুর্থ রাউন্ডের সমঝোতা আলোচনার প্রথম দিনের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে টাটার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

বাংলাদেশ সরকারের বর্তমান বিনিয়োগ নীতি অনুসারে টাটাকে বাংলাদেশে বিনিয়োগ করার শর্ত হিসেবে পাঁচ বছরের জন্যে কর অবকাশের সুবিধা দিতে সরকার প্রস্তুত।

রাজধানী ঢাকার বিনিয়োগ বোর্ডের সম্মেলন কক্ষে শনিবার টাটার প্রতিনিধি দল ও বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে সমঝোতা নিয়ে দরকষাকষি শুরু হয়।

বৈঠকে কর সংক্রান্ত বিভিন্ন বিষয় উত্থাপিত হয়েছে। এনবিআর’র সদস্য (কাস্টমস) সরোয়ার হোসেন ও টাটা গ্র“পের কার্যনির্বাহী পরিচালক অরুণ কান্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন।

বাংলাদেশে টাটা গ্র“পের প্রধান মঞ্জুর হোসেন ও টাটা স্টিলের প্রজেক্ট পরিচালক ইন্দ্রনীলসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

২৫ বছর কর অবকাশ চেয়ে টাটা গ্র“প আগে যে দাবি জানিয়েছিল, শনিবারের বৈঠকে টাটা তার সে অবস্থান থেকে সরে আসে। প্রস্তাবিত শিল্পখাতে বিনিয়োগের শর্ত হিসেবে তারা নয় বছর কর অবকাশের দাবি জানায়।

অপরদিকে এনবিআর সদস্যরা বলেছেন, সরকারের বর্তমান নীতি অনুযায়ী তারা পাঁচ বছরের জন্যে কর অবকাশের সুবিধা টাটাকে দিতে প্রস্তুত।

টাটার প্রতিনিধি দল আরো দাবি জানায়, টাটার কারখানায় উৎপন্ন পণ্যকে স্থানীয় বাজারের বিক্রি করার সময় সরকার কর্তৃক তা রপ্তানি পণ্য হিসেবে বিবেচনা করতে হবে।

জবাবে রাজস্ব বোর্ডের সদস্যরা সুনির্দিষ্টভাবে টাটার এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা বলেন, স্থানীয় বাজারে বিক্রির সময় টাটার উৎপাদিত পণ্যকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পণ্যের মত বিবেচনা করা হবে।

টাটার প্রতিনিধি দল রোববার সরকারের গঠিত সমঝোতা কমিটির প্রধান ও যোগাযোগ সচিবের সাথে তার কার্যালয়ে আলোচনা শুরু করবে।