সরকারি ওয়েবসাইটগুলো হালনাগাদ তথ্য দিতে ব্যর্থ: সিপিডি
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার বলেছেন, কেউ যদি হালনাগাদ কোনও তথ্যের জন্যে সরকারি ওয়েবসাইটগুলো ব্রাউজ করে, তাহলে সে অবাক হওয়া মত বাজে অভিজ্ঞতার শিকার হবে।
সরকারি ওয়েবসাইটগুলোতে সময়মতো হালনাগাদ তথ্যের অপর্যাপ্ততা সম্পর্কে ড. ভট্টাচার্য শনিবার সাংবাদিকদের বলেন, এক--দুই মাস আগের তথ্য সরবরাহ করার পরও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটিই সরকারের বিভিন্ন সংস্থার ওয়েবসাইটগুলোর মধ্যে সেরা সেবা দিচ্ছে।
সিপিডি’র নির্বাহী পরিচালক বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অর্থ মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বিনিয়োগ বোর্ডের (বিওআই) ওয়েবসাইটগুলো অনেক পুরনো তথ্য সরবরাহ করে থাকে।
ড. ভট্টাচার্য বলেন, অস্তিত্বের খাতিরেই বিনিয়োগে বোর্ডের ওয়েবসাইটটি আধুনিক ও হালনাগাদ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।
তিনি বলেন, বিনিয়োগ বোর্ডের সাইটে ২০০৪ সালের সেপ্টেম্বরের বিনিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যায়। আর ত্রৈমাসিক নিউজলেটারটি ২০০৪ সালের জুলাইয়ে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকৃত ও হালনাগাদ তথ্য সরবরাহ না করার জন্যে ড. ভট্টাচার্য সরকারের সমালোচনা করেন।
তিনি আরো বলেন, অর্থ মন্ত্রণালয়ের মাসিক রাজস্ব রিপোর্ট কমপক্ষে তিনমাস পর হালনাগাদ করা হয়। আর রপ্তানি পরিসংখ্যান পাওয়া যায় বার্ষিক ভিত্তিতে।
