২০০৬ সালে বাণিজ্য চুক্তিগুলোর সুফল পেতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
২০০৬ সালে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির সুফল পেতে সরকার, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
১ জানুয়ারি সাফটা বাস্তবায়নের স্তরে প্রবেশ করায় বাংলাদেশের জন্যে ২০০৬ সাল খুবই গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।
হংকংয়ে অনুষ্ঠিত ডব্লিউটিও সম্মেলন পরবর্তী সময়ে নিজেদের প্রস্তুতির পাশাপাশি দক্ষতার সাথে ও কার্যকরভাবে দরকষাকষির মাধ্যমে ইউরোপে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্যেও এ বছরটি খুব গুরুত্বপূর্ণ।
তারা বলেন, ডব্লিউটিওর হংকং ঘোষণা, সাফটা ও বিমসটেক বাণিজ্য চুক্তি থেকে সুবিধা পেতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তি থেকে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে সরকারের আন্তর্জাতিক বাণিজ্য মধ্যস্থতাকারী নিয়োগ করা উচিত, যারা কেবল এ দিকটিতেই মনোযোগ দেবে।
বাংলাদেশ নীটওয়্যার এক্সপোর্টার্স অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে একটি জাতীয় কমিটি গঠনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, এ বছরই সাফটা ও ডব্লিউটিওর বিভিন্ন চুক্তি কার্যকর এবং বিমসটেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জন্যে ২০০৬ সাল খুবই সংকটময় বছর।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি ছাড়া স্থানীয় ব্যবসায়ীরা সাফটা ও ডব্লিউটিও গৃহীত পণ্য প্রবেশাধিকার সুবিধার সদ্ব্যবহার করতে পারবে না।
সাফটা চুক্তিকে অর্থবহ করে তোলার ব্যাপারে গবেষক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ভারতের সাথে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। তাই ভারতে রপ্তানি বৃদ্ধি ছাড়া বাংলাদেশ সাফটা থেকে সুফল পেতে সক্ষম হবে না।
তিনি বলেন, সাফটার চুক্তির আওতায় বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও শ্রমের প্রবেশাধিকার বৃদ্ধির কার্যক্রম এবং কাস্টমস, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও মান নিয়ন্ত্রণ সনদের মধ্যে সমন্বয় ঘটানো বাংলাদেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকা চেম্বার অব কমার্সের সদ্য বিদায়ী সভাপতি বাণিজ্য বৃদ্ধিতে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বিডিনিউজকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমানে ১০ জন মধ্যস্থতাকারী রয়েছে। অন্যান্য দেশের এত বেশি মধ্যস্থতাকারীর সঙ্গে দরকষকাষির জন্যে এ সংখ্যা খুবই অপ্রতুল বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ডব্লিউটিও, সাফটা বা বিসমটেক সকগুলোই বহুপাক্ষিক বাণিজ্য সংস্থা। এখান থেকে সুবিধা পাওয়া সহজ ব্যাপার নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় সুবিধা পাওয়া যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
মুস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, বাণিজ্য চুক্তির সুফল পেতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং চেম্বার ও বাণিজ্য সংগঠনের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি।
তিতুমীর বিডিনিউজকে বলেন, ডব্লিউটিও ঘোষণায় স্বল্পোন্নত দেশের তিন ভাগ পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তা যাতে ইউরোপ ও জাপানে বিদ্যমান জিএসপি সুবিধার ওপর প্রভাব ফেলতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, সাফটা চুক্তিতে যেসব পণ্য শুল্কবহির্ভূত বাধার আওতায় পড়ে গেছে, সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে বাংলাদেশকে এ বছর খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।
