২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া-বাইপাইল এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা করা হবে

সাভারের আশুলিয়া-বাইপাইল এলাকাকে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিজিএমইএ নেতৃবৃন্দকে এ ব্যাপারে সরকারের কাছে আবেদন করতে বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি টিপু মন্সীর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সোমবার মন্ত্রীর সচিবালয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ওই এলাকার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন সমস্যা তুলে ধরলে তিনি বলেন, শিল্পাঞ্চল ঘোষণা করা হলে এলাকার সামগ্রিক উন্নয়ন করা সরকারের পক্ষে সহজ হবে।

টিপু মন্সী মন্ত্রীকে বলেন, আশুলিয়া সেতু থেকে বাইপাইল এলাকায় ১০৭টি রপ্তানিমুখী বৃহৎ গার্মেন্টস শিল্প রয়েছে। অথচ এই শিল্পগুলোর প্রতিদিনের স্বাভাবিক ব্যবহৃত পানি নিষ্কাশণের কোনও সুয়ারেজ লাইন নেই। ফলে এ অঞ্চলে গ্রামবাসীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ইইউ এবং মার্কিন পোশাক ক্রেতারা এমনিতে সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে চাপ দিচ্ছে, এর মধ্যে আবার এসব সমস্যা গার্মেন্টস শিল্পের ওপর নতুন চাপ সৃষ্টি করছে। 

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, এ অঞ্চলে সুয়ারেজ লাইন না থাকায় প্রতিনিয়তই গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হচ্ছে। এদিকে আরো ১০০টি গামেন্টস শিল্প এ অঞ্চলে নির্মাণাধীন রয়েছে। 

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, সুয়ারেজ লাইন নির্মাণে মাত্র কয়েক কোটি টাকা ব্যয় হবে। অথচ সামগ্রিক অঞ্চলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিজিএমইএ নেতৃবৃন্দ অবশ্য বলেন, গার্মেন্টস শিল্পে  ব্যবহৃত এ ধরনের পানির মধ্যে কোনও কেমিক্যাল থাকে না। 

আব্দুল মান্নান ভূঁইয়া তাদের এ সমস্যা সমাধানে বিভিন্ন পরার্মশ ও সহায়তার আশ্বাস দেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সঙ্গে দেখা করেন। বৈঠককালে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান সালাহ উদ্দিনও উপস্থিত ছিলেন। এসময় বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-র সাবেক সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি আবদুস সালাম মোর্শেদী, শহীদুল হক শিকদার, শাহাদাত হোসেন চৌধুরী অরুণ এবং সাবেক পরিচালক সিদ্দিকুর রহমান।