২০১০ সালের মধ্যে সাফটার আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারের উন্নীত হবে
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)’র আওতাধীন শুল্ক হ্রাস বাস্তবায়ন ও সংশ্লিষ্ট অবকাঠামোগত বিষয়গুলো শক্তিশালী করা হলে ২০১০ সালের মধ্যে আঞ্চলিক বাণিজ্যের পরিমান বর্তমানের সাত বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে গিয়ে ১৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে ভারতীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের একেবারে শুরু থেকে কার্যকর হওয়া সাফটা চুক্তির বাস্তবায়িত হলে আশিয়ান, নাফটা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মত অর্থনৈতিক জোটগুলোর মত এ অঞ্চলের আন্তঃআঞ্চলিক বাণিজ্য বহুগুণে বৃদ্ধি করবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে জানান, সাফটা চুক্তি থেকে সুবিধা পেতে হলে বাংলাদেশকে শুল্ক বহির্ভূত বাধা অপসারনে উদ্যোগ নিতে হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, আশিয়ান প্রতিষ্ঠার আগে সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র সাত শতাংশ। আর ২০০৩ সালে তা একলাফে বেড়ে গিয়ে দাঁড়ায় ৪৯ শতাংশে। নাফটার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সংগঠিত হওয়ার আগে নাফটার সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল যেখানে ১২ শতাংশ। আর প্রতিষ্ঠার পর ২০০৩ সালে তা গিয়ে দাঁড়ায় ৪৪ শতাংশে। এছাড়া আশির দশকে ইইউ’র বাণিজ্যের পরিমাণ ছিল ২৩ শতাংশ এবং ২০০৩ সালে তা ৬৭ শতাংশে গিয়ে দাঁড়ায়।
নাসির হোসেন বলেন, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (সাপটা) সত্ত্বেও সার্ক অঞ্চলের সর্বমোট বাণিজ্যের চার শতাংশের বেশি আন্তঃআঞ্চলিক বাণিজ্য সার্ক সদস্য দেশসমূহের মধ্যে হতো না। কেননা, সাপটার আওতায় অগ্রগতি স্থবির হয়ে গিয়েছিল এবং পুরো অঞ্চলের বাণিজ্যকে খুব সীমিত কাভারেজ দিতে সক্ষম ছিল।
তিনি বিডিনিউজকে বলেন, সাফটা বাস্তবায়নের ফলে সার্কের সদস্য দেশগুলো অন্যান্য বাণিজ্যিক জোটগুলোর মতই আঞ্চলিক বাণিজ্যের উদারীকরণের প্রকৃত সুবিধা পেতে যাচ্ছে।
এফবিসিসিআই সভাপতি বলেন, শুল্ক বহির্ভূত বাধা অপসারন করতে না পারলে বাংলাদেশ সাফটার সুযোগ কাজে লাগিয়ে সার্ক অঞ্চলে বিশেষ করে ভারতে তার বাজার বিস্তার করতে পারবে না।
তিনি বলেন, দেশে শিল্পস্থাপনে বেসরকারি খাতকে পর্যাপ্ত ইনসেনটিভ দেয়া প্রয়োজন।
ভারতের সর্বোচ্চ বাণিজ্য সংস্থা এফআইসিসিআই আরও জানায়, দক্ষিণ এশিয়া একটি সমন্বিত বাজারে পরিণত হলে দেড়শ কোটি অধিবাসীর এ অঞ্চলের জন্য তা বেশি পরিমানে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে পারবে।
চুক্তির শর্তানুসারে, সাফটার উন্নয়নশীল দেশগুলো ২০১৩ সালের মধ্যে এবং স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) ২০১৮ সালের মধ্যে তাদের কাস্টমস ডিউটি ০-৫ শতাংশ হ্রাস করবে।
সার্কভূক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও ভুটানকে স্বল্পোন্নত দেশ হিসেবে ধরা হয়।
নির্দিষ্ট কিছু শর্ত পূরণের মাধ্যমে আফগানিস্তান চলতি বছরের শেষের দিকে সার্কে চূড়ান্তভাবে যোগদান করলে সেটিও এর অন্তর্ভূক্ত হবে।
