সোনা মসজিদ ও হিলি বন্দর উন্নয়নে ২৬ কোটি টাকার সমন্বিত ঋণ
সোনা মসজিদ ও হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে চারটি ব্যাংক ও একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সাড়ে ২৬ কোটি টাকার সমন্বিত ঋণ প্রদান করছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এ কাজ সম্পন্ন হচ্ছে।
জনতা, যমুনা, ব্র্যাক ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) এবং স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান পানামা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
অবকাঠামো উন্নয়নে পানামা লিমিটেডের মোট ব্যয় হবে ৩৮ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো দেবে সাড়ে ২৬ কোটি টাকা।
চুক্তি অনসারে, জনতা ব্যাংক ও আইডিসিওএল দেবে ১৬ কোটি টাকা। বাকি সাড়ে ১০ কোটি টাকা দেবে অন্য তিনটি ব্যাংক।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক সচিব ইসমাইল জাবিহুল্লাহ এনইসি মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, স্থলবন্দর দুটিকে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে আইডিসিওএলের মাধ্যমে এ ঋণ সরবরাহ করা হয়েছে।
প্রকল্পের আওতায় স্থলবন্দরগুলোতে গুদামজাত করার পর্যপ্ত সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনিক ভবন, পুলিশ ফাঁড়ি, নিরাপত্তা দেওয়াল, অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী সড়ক ব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ টাওয়ার, ওয়্যারহাউস, পার্কিং ব্যবস্থা, হিমাগার, ফর্ক লিফ্ট সুবিধা, ক্রেন, ওজন মাপার যন্ত্র এবং স্ট্যাক ইয়ার্ড স্থাপন করা হবে।
এর আগে ৯ অক্টোবর আমদানি রপ্তানি খাতে গতিশীলতা আনতে সরকার বিল্ড-অপারেট-ট্রান্সফারের (বিওটি) ভিত্তিতে ২৫ বছরের জন্য ১৩ টির মধ্যে চারটি স্থলবন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেয়।
দরপত্র আহ্বানের মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বন্দরগুলো হচ্ছে, চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ, দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং কুমিল্লার বিবির বাজার।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার বলেন, অন্য স্থলবন্দরগুলোকেও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে কক্সবাজারের টেকনাফ, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, সিলেটের তামাবিল এবং লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।
তৃতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার দর্শনা, ময়মনসিংহের হালুয়াঘাট, সাতক্ষীরার ভোমরা বন্দরকে বেসরকারি খাতে ছাড়া হবে।
