২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন কর্নেল আকবর

নৌপরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন বৃহস্পতিবার বলেছেন, বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে আমরা বন্দরগুলোকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দিতে যাচ্ছি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বন্দরের বর্তমান কার্যক্রমের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বন্দরের উন্নয়নে আমরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছি, তা কেবল দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমেই সমাধান সম্ভব।

আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে টিকে থাকার জন্যে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

বন্দর স্টেডিয়ামে নবনির্মিত চট্টগ্রাম বন্দর বৌদ্ধ মন্দিরের উদ্বোধনকালে কর্নেল আকবর বলেন, বাণিজ্য জোরদারে বন্দরকে কার্যকর করার ক্ষেত্রে প্রতিযোগিতা ও সততাকে মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।

বাণিজ্য জোরদার করতে বন্দর ব্যবহারকারীদের সর্বাধিক সেবা নিশ্চিত করার জন্যে বন্দরের কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি তিনি আহ্বান জানান এবং গ্রাহকদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করিয়ে দেন।

বন্দর শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, গ্রাহকদের সাথে তাদের কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, অন্যান্যের চেয়ে বন্দর শ্রমিকদের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। তারা যেন তাদের কাজের সাথে একটি ক্রেনের চালক বা ট্রাক ড্রাইভারের কাজের তুলনা না করেন।

ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষেরই স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের মৌলিক অধিকার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এএমএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে বৌদ্ধ নেতা ধর্মসেনা মহাথেরো, সর্বোচ্চ সংঘ পরিষদের ধর্মগুরু শ্রদ্ধেয় ধর্মপাল মহাথেরো, সিপিএ’র প্রধান প্রকৌশলী ড. শাফায়াত হোসেন খান এবং সিবিএ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার বক্তব্য রাখেন।

বন্দরে ২২ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ১৩ বর্গফুট জমির ওপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যে বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়েছে।