আন্তর্জাতিক বাণিজ্য উপকরণ ব্যবহার করে ব্যাংকারদের হালনাগাদ হওয়ার আহ্বান জানিয়েছে আইসিসি
সর্বাধুনিক আন্তর্জাতিক বাণিজ্য উপকরণ ব্যবহার করে নিজেদের হালনাগাদ করার মাধ্যমে বিতর্ক এড়িয়ে চলতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বৃহস্পতিবার পেশাদার ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডিসিসিআই মিলনায়তনে বৃহস্পতিবার সিটিগ্র“পের সহযোগিতায় আইসিসি আয়োজিত ‘মুভিং ইনটু দ্য নিউ ইউসিপি’ শীর্ষক গালটেবিল বৈঠকে বক্তব্য দানকালে আইসিসি, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এ মন্তব্য করেন।
‘ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাক্টিস (ইউসিপি)’ বিষয়ে সুপারিশমালা প্রণয়নের মাধ্যেমে ব্যবসায়ীদের সহযোগিতা করতে গোলটেবিল বৈঠকটির আয়োজন করা হয়। সুপারিশমালার খসড়া বিবেচনার জন্য প্যারিসের আইসিসি ব্যাংকিং কমিশনের কাছে পাঠানো হবে।
আইসিসি, বাংলাদেশের সভাপতি বলেন, ইউসিপি’র উপর ভিত্তি করে কোন চুক্তিতে উপনীত হওয়ার আগে পর্যাপ্ত জ্ঞানসম্পন্ন ও বিশেষজ্ঞরা আগাম ভিত্তিতে ক্রেতা ও বিক্রেতাকে সহায়তা করতে পারে।
ব্যাংকার ও স্টেকহোল্ডারদের সতর্ক করে দিয়ে মাহবুবুর রহমান বলেন, ইউসিপি ৬০০ একবার চূড়ান্ত হয়ে গেলে তা কমপক্ষে পরবর্তী দশ বছরের জন্য বলবৎ থাকবে।
তিনি বলেন, সর্বশেষ খসড়া সতর্কতার সাথে যাচাই-বাছাই করে আমাদের উপদেশ ইউসিপি ৬০০-তে অন্তর্ভূক্ত করার জন্য প্রেরণ করার সুযোগ গ্রহণের বিষয়টি গ্রহণ করা গুরুত্বপূর্ণ।
ইউসিপি ৫০০ এবং ইউসিপি ৬০০ এর মধ্যে মৌলিক পার্থক্য উল্লেখ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (সিডিপিএস) অধ্যাপক ড. তৌফিক এ চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড. এসএম আহসান হাবিব গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ ও মধ্যম পর্যায়ের ৬০ জন কর্মকর্তা সর্বশেষ খসড়ার উপর আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।
ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্রাকটিস এর উপর আইসিসি বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সিটিব্যাংক এন. এ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ, ভাইস প্রেসিডেন্ট লতিফুর রহমান ও স্যামসন চৌধুরী, কার্যনির্বাহী বোর্ডের সদস্য আফতাব-উল ইসলাম ও নাসির এ চৌধুরী গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।
