২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন নিয়মের কারণে ইলিশ রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে

প্রতিবেশী দেশ ভারত সরকার ইলিশ মাছ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় এবং বেনাপোল স্থলবন্দরে ভারতের মৎস রপ্তানির ছাড়পত্র প্রদানকারী দপ্তরের কোন শাখা না থাকায় দেশটিতে ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা বাধাগ্রস্ত হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 09:40 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সূত্র জানিয়েছে, বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ীরা অনেক দিন ধরেই বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছেন। গত অর্থ বছরে এ স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানি করে ৫৮ লাখ মার্কিন ডলার আয় হয়। কিন্তু ভারত সরকার বাংলাদেশ থেকে মৎস্য আমদানি সংক্রান্ত নতুন নিয়ম প্রণয়ন করায় বাংলাদেশ সরকারের রাজস্ব আয় কমে যাবে বলে আশংকা করা হচ্ছে।

মাছ রপ্তানির ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন না হলে গত বছরের তুলনায় ব্যবসায়ীরা চলতি বছরে আরও বেশি ইলিশ রপ্তানি করতে পারতেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাস হচ্ছে ইলিশ রপ্তানি করার সময়। কিন্তু বেনাপোল স্থল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) চলতি বছরের ২১ জুলাই থেকে ১৩ আগস্ট লাগাতার ২৪ দিনের কর্মবিরতির কারণে ব্যবসায়ীদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে সরকারের রাজস্ব আয়ও অনেকটা কমে গেছে।

কাস্টমস সূত্র জানিয়েছে, বেনাপোল স্থল বন্দরে কর্মবিরতির কারণে গত বছরের মত প্রত্যাশিত ও লক্ষ্য মাত্রায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টে ইলিশ রপ্তানি করা যায়নি। আর এ কারণেই তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

অপরদিকে বাংলাদেশ থেকে মৎস্য আমদানির ক্ষেত্রে ভারত সরকার কড়াকড়ি আরোপ করায় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। তাদেরকে দিল্লীর অ্যনিম্যাল কোয়ারাইনটাইন দপ্তরের কাছ থেকে প্রতি চালানের জন্যই ছাড়পত্র নিতে হয়।

বেনাপোলের বিপরীতে পেট্রাপোল বন্দরে অ্যানিম্যাল কোয়ারাইনটাইন দপ্তরের কোন কার্যালয় না থাকায় ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। কলকাতায় এ সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার জন্য একটি প্রতিনিধি কার্যালয় রয়েছে। মৎস্য রপ্তানির অনুমতি আদায়ের জন্য ব্যবসায়ীদেরকে এখন সেখানে যেতে হবে।

পেট্রাপোলে অ্যানিম্যাল কোয়ারাইনটাইন দপ্তরের শাখা খোলার মাধ্যমে ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব করার জন্য ইলিশ রপ্তানিকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান যৌথভাবে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে।