দারিদ্র্য নিরসনে বিশেষজ্ঞ বিনিময় করতে সিরডাপ সদস্যরাষ্ট্রের প্রতি মান্নান ভূঁইয়ার আহ্বান
বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সিরডাপ এবং এর সদস্যরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) মিলনায়তনে অনুষ্ঠিত এর ২৫তম নির্বাহী কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিরডাপ ২৯ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এর নির্বাহী কমিটি এবং গভর্নিং কাউন্সিলের সভা উপলক্ষে গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক আঞ্চলিক নীতি সংলাপের আয়োজন করেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সিরডাপ নির্বাহী কমিটির চেয়ারপারসন আরওয়ান সুরবক্তি। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরডাপের মহাপরিচালক ড. দুর্গা প্রসাদ পৌদিয়াল, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী প্রমুখ।
