উত্তর আফ্রিকায় ওষুধ রপ্তানি বাজার সম্প্রসারিত হচ্ছে আগামী বছর
আগামী বছর উত্তর আফিকায় ওষুধ রপ্তানি বাজার সম্প্রসারিত হচ্ছে। এ অঞ্চলে ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে।
বাংলাদেশ ওযুধ শিল্প সমিতি (বিএপিআই) সভাপতি এস এম সাইফুজ্জামান বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন উত্তর আফ্রিকা সফরকারী রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালক একেএম নিজামুল আলম, একমি লি. কোম্পানির পরিচালক তানভীর সিনহা প্রমূখ।
সাইফুজ্জামান বলেন, আগামী বছরের মার্চ মাস থেকে এই দেশগুলোতে ব্যাপক ভিত্তিক রপ্তানি শুরু করার সম্ভবনা রয়েছে। স্কায়ার ফার্মা ইতোমধ্যে লিবিয়ায় তিন চালান ওষুধ রপ্তানি করেছে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা পেটেন্ট ছাড়াই ২০১৬ সাল পর্যন্ত ওষুধ উৎপাদন ও রপ্তানি করতে পারবো। বিশ্বের ৫০টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশই একমাত্র স্বয়ংসম্পূর্ণ।
বিএপিআই ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে গত ৫-২০ সেপ্টেম্বর বিভিন্ন কোম্পানির ১৬ সদস্যের মাকের্টিং মিশন উত্তর আফ্রিকার ছয়টি দেশে ওষুধ রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য সফর করে। সাবেক ইউরোপীয় উপনিবেশভুক্ত দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া এবং সুদান। অংশগ্রহনকারী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হলো স্কয়ার, একমি, এলকো, বীকন, বায়ো ফার্মা, এসকেএফ, জেসন, জেনারেল, নাভানা এবং ওরিয়ন।
মিশনের সদস্যবৃন্দ ছয়টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন, ওষুধ আমদানিকারক এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
এই ছয়টি দেশে ৫০ থেকে ৯০ শতাংশ ওষুধ আমদানি করে। এ অঞ্চলের আমদানিকৃত ওষুধের অধিকাংশ ইউরোপীয়।
মিশন এ দেশগুলোতে দেশের ওষুধ অবস্থার বর্ণনা দিয়ে একটি তথ্যভিত্তিক চিত্র তুলে ধরে। এতে বলা হয়, বাংলাদেশ ৬২টি দেশে ওযুধ রপ্তানি করে এবং দেশের বেশ কয়েকটি কোম্পানির বিশ্বমানের কারখানা রয়েছে।
