২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপেক্ষিত পর্যটন শিল্প, পর্যটক সংখ্যা হ্রাস

পর্যটন শিল্পের উন্নয়নে যেসব বাধা রয়েছে তা দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে উদ্যেক্তারা অভিযোগ করেছেন। তারা বলেন, উন্নত পর্যটন খাতের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল হক বিডিনিউজকে বলেন, অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ এখাতের উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি বলেন, দেশীয় পর্যটকদের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পেলেও পরিবহন, যোগাযোগ, নিরাপত্তাহীনতা এবং আবাসিক ও বিনোদন সুবিধার অপর্যাপ্ততা ইত্যাদি অবকাঠামোগত বাধার কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী পর্যটক আকৃষ্ট করতে পারছে না।

শিল্পনীতি ২০০৫ এ পর্যটন শিল্পকে বাংলাদেশের থ্রাস্ট খাত ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে এ খাতে যেসব সুযোগ সুবিধা রয়েছে তা পুনর্গঠনে সরকারের কোনও সমন্বিত পরিকল্পনা নেই।

ফরিদুল হক বলেন, যথাযথ পরিকল্পনা ছাড়া এ ধরনের ঘোষণা মূল্যহীন। কিন্তু পর্যটন খাতের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানো হলে এ খাত থেকে বছরে ১৫০০ বিলিয়ন টাকা অর্জন করা সম্ভব।

কক্সবাজার সমুদ্র বন্দরের অপর্যাপ্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জামিউল আহমেদ বলেন, পর্যটনের এ স্পটটিতে দেশীয় পর্যটকদের আগ্রহ খুব কম। তিনি বলেন, সেখানে কোনও সুযোগ সুবিধা নেই, তাই কেন তারা সেখানে যাবেন।

তিনি বলেন, বিদেশী পর্যটকরা বাংলাদেশের সুন্দরবন, সিলেট ও অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলো পর্যটনে আসে। কিন্তু সরকার এ স্পটগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এখনও কোনও পদক্ষেপ নেয়নি।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একজন কর্মকর্তা বলেন, কর্পোরেশন মোটেলগুলো বেসরকারি খাতে হস্তান্তর, পর্যটন স্পট তৈরি ও আবাসিক সুবিধা স্থাপনসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, পর্যটন খাতের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত থাকায় এ খাতের উন্নয়নে আন্তঃমন্ত্রণায় ভিত্তিক সমন্বয় দরকার।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত অর্থবছরের তুলনায় ২০০৪-২০০৫ অর্থবছরে এ খাত থেকে আয় ১১ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। তবে ২০০৩-২০০৪ অর্থবছরের তুলনায় ২০০৪-২০০৫ অর্থবছরে পর্যটকের সংখ্যা কমে গেছে। ২০০৪-২০০৫ অর্থবছরে পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৪৫ হাজার ৩ শ’ ৫৩ জন।

২০০৪ সালে পর্যটনের জন্য ১৪ দশমিক ৬৯ শতাংশ, ব্যবসায়িক কাজে ১৬ দশমিক ৪৫ শতাংশ এবং অন্যান্য কাজে ৬৩ দশমিক ৯১ শতাংশ বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমন করেছেন।

বাংলাদেশ ভ্রমনকারীদের মধ্যে বেশি ছিল ভারত, বৃটেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নাগরিক।