বাজারে এসেছে হৃদরোগ প্রতিষেধক ‘এজেটা’
হৃদরোগ প্রতিরোধে বেক্সিমকো ফার্মা তাদের নতুন ওষুধ ‘এজেটা’র আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু করেছে।
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে শুক্রবার বাংলাদেশে-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
বেক্সিমকো ফার্মা বাংলাদেশে প্রথমবারের মতো হৃদরোগের ব্যাথা নিরাময়ক ‘এজেটা’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি প্রফেসর আবদুল মালেক, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর এম আমানুল্লাহ এমপি, প্রফেসর আর কে খন্দকার এবং প্রফেসর এম এ জামান।
অনুষ্ঠানে প্রায় ৮০০ বিশেষজ্ঞ চিকিৎসকের সমাবেশ ঘটে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞরা বেক্সিমকো ফার্মা উদ্ভাবিত নতুন ওষুধ ‘এজেটা’কে হৃদরোগের একটি কার্যকর প্রতিষেধক হিসাবে আখ্যায়িত করেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেজ (এনআইসিভিডি) পরিচালক প্রফেসর সুফিয়া রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর কে এম এইচ এস সিরাজুল হক অনুষ্ঠানে হাইপারলিপিডেমিয়া ব্যবস্থাপনার উপর দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তারা বলেন, খাদ্য থেকে দেহে কোলস্টোরেল শুষে নেওয়ার মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এজেটা হৃদরোগীদের রক্তে কোলস্টোরেলের মাত্রা কমাতে সহায়তা করবে। তারা আরও বলেন, মানুষের দেহে এজেটা ২৪ ঘন্টা প্রতিষেধক হিসাবে কাজ করবে। তাই হৃদরোগীদের দিনে একবার ওষুধটি সেবন করার প্রয়োজন হবে।
এজেটা, এজিটিমাইব এর এমন একটি সংস্করণ যেটি মানুষের রক্তে অতিরিক্তি কোলস্টোরেল কমিয়ে আনতে ইতিমধ্যে বিশ্বের কার্ডিওলজিস্টদের দ্বারা বহুল সমাদৃত হয়েছে। উল্লেখ্য, এজিটিমাইব ২০০২ সালে আমেরিকার ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) থেকে স্বীকৃতি পেয়েছে।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াসহ বিভিন্ন কারণে বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। এসব দিক বিবেচনা করে চিকিৎসকরা মনে করছেন এজেটা হৃদরোগীদের জন্য একটি উপকারী উপশম হিসাবে কাজ করবে। প্রতি প্যাকেটে ২০টি এজেটা থাকবে, যার প্রতিটির বাজার মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
এদিকে বেক্সিমকো ফার্মার আরও একটি জনপ্রিয় ওষুধ মানবদেহে হাইপারটেনশন প্রতিষেধক ‘এমডোকল’ এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
