২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিআই’র ‘ভিশন ২০২১’র লক্ষ্য দেশে মাথাপিছু আয় হাজার ডলারে উন্নীত করা

বাংলাদেশে বর্তমান মাথাপিছু আয় ৪৪০ ডলার থেকে ২০২১ সালের মধ্যে এক হাজার ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ‘ভিশন ২০২১’ নামে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ঢাকা চেম্বার ইলেক্ট্রনিক্স সামগ্রীর বিকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণ বাড়ানোর মাধ্যমে দেশের ৫০তম স্বাধীনতা উদযাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ঢাকা চেম্বার দেশে এই ধরনের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য শিল্প, শিক্ষা, টেক্সটাইল, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সমন্বয়ের জন্য গুরুত্ব আরোপ করে। অনুষ্ঠানে বলা হয়, জাতীয় বাজেটে এই মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের অভাবে দেশ এখন পিছিয়ে আছে।

ঢাকা চেম্বার সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের বিগত জাতীয় বাজেটগুলোতে নীতির সামঞ্জস্যের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয়নি।

তিনি বলেন, বাজেটে বছরে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের মাধ্যমে পাঠানো তিন বিলিয়নের বেশি ডলার কাজে লাগানোর বিষয়ও বিবেচনায় আনা হয়নি।

ঢাকা চেম্বার সভাপতি শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ভিশন ২০২১’ সম্পর্কিত ধারণা দেয়। এ সময়ে ডিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর এলাহী রাসকিন এবং নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদও বক্তব্য দেন।

ইসলাম বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, দেশে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শসম্পন্ন দল থাকলেও সব দলের অর্থনৈতিক এজেন্ডা কমবেশি একই রকমের।

তিনি বলেন, এই ইস্যুতে আমাদের জাতীয় ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যকার চিন্তাবিদদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহবান জানান ঢাকা চেম্বার সভাপতি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার বাংলাদেশ চিন মৈত্রী মিলনায়তনে চেম্বার পক্ষ থেকে নতুন এই ধারনার বিস্তারিত বিবরণ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান।