হিলস-এর এজিএম: ২০০৪ সালে নিট মুনাফা ১২ কোটি ৮৬ লাখ টাকা
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল)-এর ২০০৪ সালে ১২ কোটি ৮৬ লাখ টাকা নিট মুনাফা অর্জণ করেছে।
সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার ২৭তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী।
২০০৪ সালে কোম্পানির অর্জিত নিট মুনাফার পরিমাণ ১২ দশমিক ৮৬ কোটি টাকা (আয়কর পরিশোধের আগে) এবং আয়কর পরিশোধের পর নিট মুনাফার পরিমাণ ছিল চার দশমিক ৮৬ কোটি টাকা। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন প্রকার কর, ভ্যাট, ইউটিলিটি এবং আয়কর হিসেবে মোট ৩১ দশমিক ০৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এছাড়াও সোনারগাও হোটেল এই সময়ে মোট ৩৮ দশমিক ১৭ কোটি টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে। কোম্পানি তার শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের ঘোষণা দিয়েছে।
ইতোমধ্যেই হোটেলটির বিভিন্ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি ব্যপক আকারে পুনঃসজ্জিতকরণ এবং সম্প্রসারণের পদক্ষেপ হাতে নিয়েছে।
