২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস মিটার প্লান্ট স্থাপন সংক্রান্ত চীনা কোম্পানির প্রস্তাবে সরকারের সম্মতি

গ্যাস মিটার প্লান্ট স্থাপনের জন্য একটি চীনা কোম্পানির দেয়া প্রস্তাবে বাংলাদেশ সরকার সম্মতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বাংলাদেশে একটি গ্যাস মিটার প্লান্ট স্থাপনের জন্য বেইজিং জিনচুয়াং কম্বাইন্ড গ্যাস মিটার কোম্পানি লিমিটেড গত ১৪ সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ডের কাছে এ প্রস্তাব দেয়।

জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, তাদের প্রস্তাবে আমরা ইতিবাচক সাড়া দিয়েছি।

তিনি বলেন, কোম্পানিটি আমাদের শিল্প কারখানা ও বাসা বাড়িতে ব্যবহারযোগ্য মিটার উৎপাদন করলে তাতে দেশেরই মঙ্গল হবে।

তিনি আরও বলেন, দেশে এক হাজার গ্যাস মিটারের একটি পাইলট প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তবে রাজস্ব আয় পর্যালোচনা শেষে সরকার আরও মিটার সংগ্রহের কথা বিবেচনা করবে।

মাহমুদুর রহমান বলেন, রাজস্ব আয় বাড়লে আমরা আরও বেশি মিটার উৎপাদনের ব্যাপারটি বিবেচনা করব।

বেইজিং জিনচুয়াং কম্বাইন্ড গ্যাস মিটার কোম্পানির ১ দশমিক ৩ মিলিয়ন মিটার উৎপাদন ক্ষমতা রয়েছে।

বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটি বৈদ্যুতিক মিটার প্লান্ট স্থাপনের কাজ এগিয়ে চলছে।