২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি তেল স্থাপনায় নিরাপত্তা প্রাচীর না থাকায় পানি ও বায়ু দূষণ হচ্ছে

নিরাপত্তা প্রাচীরের অভাবে দেশের তিনটি তেল স্থাপনা থেকে কর্ণফুলী নদীতে বারবার তেল উপচে পড়ার ঘটনা ঘটছে।

নিজস্ব প্রতিবেদক

সমীর বড়ুয়া,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাষ্ট্রয়াত্ত বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিনটি প্রতিষ্ঠান পদ্মা, যমুনা এবং মেঘনা অয়েল কোম্পানির দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রাচীর না থাকায় পানি ও বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

কর্ণফুলী নদীর আশেপাশে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে এ ধরনের প্রাচীরের অভাবে ভবিষ্যতে পরিবেশ দুর্যোগ দেখা দিতে পারে বলে পরিবেশবাদীরা আশঙ্কা প্রকাশ করছেন।

পরিবেশ কর্মকতারা অভযোগ করেন, পরিবেশ রক্ষায় তেল স্থাপনার গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা প্রাচীর থাকা জরুরী হলেও উল্লেখিত তিনটি স্থাপনায় পরিবেশ আইন লংঘন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেন বলেন, ওই তিন স্থাপনা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রাচীর স্থাপন সম্পর্কে বার বার অবহিত করা হলেও তারা এখনও এ ব্যাপারে উদাসীন।

বিডিনিউজের সাথে আলাপকালে মোশাররফ বলেন, নিরাপত্তা প্রাচীর থাকলে মঙ্গলবার ইস্টার্ন রিফাইনারি থেকে যমুনা অয়েলে ডিজেল সরবরাহ নেয়ার সময় কর্ণফুলী নদীতে পুচুর পরিমাণে তেল উপচে পড়ার ঘটনা ঘটতো না।

কিন্তু সংশ্লিষ্ট মহলের অভিযোগ, পরিবেশ বিভাগের দায়িত্বহীনতার কারণে তেল স্থাপনায় প্রাচীর নির্মাণের বিষয়টি এগুচ্ছে না। অজ্ঞাত কারণে তারা এ ব্যপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগর এবং কর্ণফুলি নদীর উভয় পাশে গড়ে ওঠা বহুজাতিক কোম্পানিসহ প্রায় ১৫০ টি শিল্প ইউনিটের আটটি শিল্প বেল্টের বর্র্জ্য নিয়মিতভাবেই পাশ্ববর্তী নদীতে গিয়ে পড়েছে।

মেরিন ফিসারিজ কর্মকর্তারা জানান, বর্জ্য নিক্ষিপ্ত হওয়ায় বঙ্গোপসাগরে মারাত্মক দূষণের সৃষ্টি হচ্ছে, যাতে গত কয়েক বছর ধরে মাছও ধরা পড়ছে কম।

মঙ্গলবার ইস্টার্ন রিফাইনারি থেকে যমুনা অয়েলে সরবরাহ নেয়ার সময় ডিজেল উপচে পড়ার ঘটনায় চারটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ ডিজেল উপচে যমুনা অয়েলের টার্মিনাল, সংলগ্ন গুপ্ত খাল এবং কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

পরিবেশ কর্মকর্তারা মঙ্গলবারের ঘটনায় ল্যাবরেটরি পরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন। এতে দেখা যায় পানি ও বায়ূ দূষণ ধরা পড়েছে।

পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার যমুনা অয়েল কোম্পানি এবং ইস্টার্ণ রিফাইনারিকে পানি ও বায়ু দূষণের পাশাপাশি তেল উপচে পড়ার ঘটনা সম্পর্কে পরিবেশ কর্মকর্তাদের অবহিত না করায় কারণ দর্শাও নোটিশ জারি করেছে।

তাদেরকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া পরিবেশ অধিপ্তর ওই দুই স্থাপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে।