২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক সিটিতে ১৪ নভেম্বর থেকে বাংলাদেশী নিটওয়্যার পণ্যের প্রথম একক মেলা

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে এ বছরের নভেম্বর মাসে নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশ নিটওয়্যার মেলা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

হোটেল পেনসিলভিনিয়ায় ১৪ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশী নিটওয়্যার পণ্যের একক মেলার যৌথ আয়োজক বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং সাউথএশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ)।

বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানান। এসময় এসইডিএফ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানাডিয়ান বিশেষজ্ঞ স্টিভ মেন্ডালসন এবং গ্লোবাল মার্কেটিং স্ট্র্যাটেজিস’র সভাপতি জিন অ্যাটকিনসন।

ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান নিটওয়্যার রপ্তানি আরো বাড়ানোর জন্যে এই প্রথমবারের মত একক মেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় কম পক্ষে ৪৫টি স্টলের মাধ্যমে বাংলাদেশের নিট রপ্তানিকারকরা টি শার্ট, পলো শার্ট, সোয়েটারসহ অন্যান্য নিট পণ্য প্রদর্শন করবে।

মেলাকে সফল করতে এসইডিএফএ’র পক্ষ থেকে নিউইর্য়কভিত্তিক গ্লোবাল মার্কেটিং স্ট্র্যাটেজিস এবং কানাডাভিত্তিক গ্রস গিলরোয়কে বিশেষজ্ঞ কোম্পানি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিকেএমইএ সভাপতি বলেন, কোটা ও শুল্কমুক্ত ইইউ বাজারসুবিধা পাওয়ায় নিট শিল্পের মালিকরা এতদিন মার্কিন বাজারের প্রতি গুরুত্ব দেননি। এ মেলার মাধ্যমে মার্কিন বাজার, বিশেষত ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটবে।

এসইডিএফ’র পক্ষ থেকে বলা হয়, তারাই ৪৫টি নিট প্রতিষ্ঠানকে নির্বাচন করছে। মেলায় প্রায় পাঁচ হাজার ক্রেতার সমাবেশ ঘটবে বলে তারা আশা করছেন।

জিন অ্যাটকিনসন বলেন, গত দশ বছরে মার্কিন ক্রেতাদের কাছে বাংলাদেশের অবস্থান একই রকম রয়ে গেছে। এ মেলার মধ্যদিয়ে নিট খাতে বাংলাদেশী পণ্য সম্পর্কে মার্কিন ক্রেতাদের নতুন ধারণা তৈরি হবে।

তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে মার্কিন ক্রেতারা এদেশের নিট শিল্প সম্পর্কে তেমনভাবে অবগত নয়। অথচ যুক্তরাষ্ট্র নিটওয়্যারের বড় ক্রেতা।

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নিট রপ্তানির পরিমাণ ছিল ৪০ কোটি ২৬ লাখ ডলার, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। অন্যদিকে কোটামুক্ত বাজারে প্রথম ছয়মাসে এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১১৬ শতাংশ।

মার্কিন বাজারের ওপর নির্ভর করে দেশের বস্ত্র শিল্প গড়ে উঠলেও নিট খাতে এর অংশগ্রহণ মাত্র ১২ শতাংশ। অথচ যুক্তরাষ্ট্র ১৬ বিলিয়ন ডলারের নিট পণ্য আমদানি করে থাকে। এ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ তিন শতাংশেরও কম।