২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা দুর্ঘটনায় ৫১ দশমিক ৮৩ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুই দফা অগ্নিকান্ডে প্রাথমিক হিসেবে প্রায় ৫১ দশমিক ৮৩ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে। এছাড়া এলাকায় পরিবেশগত ক্ষতি হয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ টাকার এবং স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সংসদ কার্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

জামায়াত সদস্য মওলানা আবদুল আজিজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, সরকারি কয়েকটি সংস্থার কাছে ৮৫৮ কোটি টাকার গ্যাস বিল বকেয়া আছে। এর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়ার পরিমান ৪৮৮ কোটি টাকা। গ্যাস বিল বাবদ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে ১৪৪ কোটি ৩৩ লাখ, বিসিআইসির কাছে ১৮৮ কোটি ৮০ লাখ, বিজেএমসির কাছে ২০ কোটি ৬৮ লাখ, বিটিএমসির কাছে ৬ কোটি ৫৭ লাখ, ইস্পাত ও প্রকৌশল সংস্থার কাছে ৬ কোটি ৯৬ লাখ বকেয়া রয়েছে।

মিয়া গোলাম পরওয়ারের এক প্রশ্নের জবাবে ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বঙ্গোপসাগরে তেল-গ্যাস কুপ খননের জন্যে কেয়ার্ণ এনার্জি পিএলসি এবং হল্যান্ড সী সার্চ নামে দুটি প্রতিষ্ঠানের সাথে পেট্রোবাংলার চুক্তি সাক্ষরিত হয়েছে।