২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন প্রদর্শনী থেকে রপ্তানিকারকরা ১৫ মিলিয়ন ডলারের স্পটঅর্ডার পেয়েছে

লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনের এক প্রদর্শনীতে বাংলাদেশের রপ্তানিকারকরা মেলা থেকেই ১৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, রপ্তানিকারকরা ক্রেতাদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়ায় রয়েছেন যাতে অর্ডারের পরিমান আরও বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

১৪ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রদর্শনী ছিলো দেশের বাইরে বাংলাদেশী পণ্যের প্রথম একক প্রদর্শনী। এতে মোট ১০০টি স্টল দেয়া হয়। যার মধ্যে দেশ থেকে রপ্তানিকারকরা লন্ডন সফর করে ৬০টি স্টল দেন। বাকি স্টলগুলো ছিলো লন্ডন প্রবাসি বাংলাদেশী ব্যবসায়ীদের।

আলতাফ চৌধুরী জানান, প্রদর্শনীর পাশাপাশি ‘দক্ষিণ এশিয়ায় তথ্য প্রযুক্তি আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি বলেন, রপ্তানি বাজারে স্থান করে নিতে বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এক্ষেত্রে ফুল রপ্তানি একটি প্রধান উদাহরণ। গত অর্থবছরে বাংলাদেশ ৪৫ কোটি টাকার ফুল রপ্তানি করেছে। যার পরিমান পূর্ববর্তী বছরে ছিলো মাত্র ৪ কোটি টাকা।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প পণ্যের ব্যাপক চাহিদা পশ্চিমা বাজারে রয়েছে।

আলতাফ চৌধুরী জানান, সফরকালে তিনি ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দু’ দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনার দিকগুলো নিয়ে সফল আলোচনা করেছেন।

এছাড়াও তিনি তার সফরের দ্বিতীয় অংশে সংযুক্ত আরব আমিরাত যান এবং সেখানকার বাণিজ্যমন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক যত দ্রুত সম্ভব অনুষ্ঠানের জন্যে আমি আরব আমিরাত সরকারকে আহবান জানিয়েছি। দীর্ঘ সময়ে কমিশনের কোনও বৈঠক অনুষ্ঠিত হয়নি।