বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মরগান স্ট্যানলি
বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, কয়লা ও অবকাঠামো খাতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম আর্থিক সহায়তা প্রদানকারী কোম্পানি মরগান স্ট্যানলি।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কোম্পানিটি আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাবে।
লন্ডনে মরগান’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বৈঠকের পর মাহমুদুর রহমান একথা জানান। তিনি লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ এক্সপো ২০০৫ এ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ক এক সেমিনারেও অংশগ্রহণ করেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের অনেক তরুণও বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তারা যেসব দেশে বাংলাদেশের তরুণরা বেশি সংখ্যায় বসবাস করছে, সেসব দেশের কূটনৈতিক মিশনে বাংলাদেশের বিনিয়োগ মন্ত্রী নিয়োগ দানের আহ্বান জানান।
তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি একান্তই সরকারের। তবে এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দেশে বিদেশী বিনিয়োগ বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি মরগান স্ট্যানলি বিশ্বব্যাপী ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের সহায়তা দিয়ে আসছে।
বর্তমানে বিশ্বের ২৮টি দেশে ৬০০ কার্যালয়ের মাধ্যমে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানির কর্মকর্তা কর্মচারি সংখ্যা ৫৪,১৪২ জন।
