২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরে পামঅয়েলের ব্যবহার ৭ লাখ টন ছাড়িয়ে যাবে

দেশে চলতি বছরে পাম তেলের ব্যবহার ৭ লাখ টন ছাড়িয়ে যাবে। গত বছরের মোট ভোজ্য তেল ব্যবহারের মধ্যে ৫২ শতাংশই ছিলো পাম তেল। অন্যদিকে ভোজ্য তেল আমদানির ৬৪ শতাংশ ছিলো পাম তেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

মালেশিয়ান পাম অয়েল প্রমোশন কাউন্সিল’র উদ্যোগে বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে পাম তেলের ভূমিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালেশিয়ান পাম অয়েল প্রমোশন কাউন্সিল’র উপ নির্বাহী পরিচালক মো. আবদুল মাজেদ, মালেশিয়ার হাই কমিশনার আশারি সানি, মার্কেটিং ডিরেক্টর বেলভিনডোর কে. সরন এবং বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের কান্ট্রি ম্যানেজার একেএম ফাকরুল আলম।

মো. আবদুল মাজেদ বলেন, মালেশিয়ান পাম অয়েল বোর্ড কর্তৃক রপ্তানি প্রতিটি চালানেই পাম তেলের গুণগত মান নিশ্চিত করা হয়। বাংলাদেশে পাম অয়েলের চাইতে পাম ওলিনের আমদানি অধিক। সাধারণত: স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা পাম ওলিনকে পামতেল নামে অভিহিত করে থাকে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে একাধিক ভোজ্য তেলের মিশ্রণসমৃদ্ধ তেল বাজারজাত করার অনুমোদন রয়েছে। তবে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মিশ্রিত তেল বিক্রি করার অনুমোদন নেই।

মালেশিয়ার হাই কমিশনার আশারি সানি বলেন, পাম তেল আমদানি বৃদ্ধির মধ্য দিয়ে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে।

ফাকরুল আলম বলেন, সয়াবিন ও সর্ষে তেলের তুলনায় পাম তেলের মূল্য অনেক কম হওয়ায় বাংলাদেশে এর চাহিদা প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য প্রতিযোগি ভোজ্য তেলের তুলনায় পাম তেলের মূল্য টন প্রতি ৮০ থেকে ১০০ মার্কিন ডলার কম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক দশকে দেশের ভোজ্য তেল ব্যবহারে বড় ধরণের পরিবর্তন হয়েছে। ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে দেশে মোট তেল-চর্বির ব্যবহার ৬ লাখ টন থেকে ১১ দশমিক ৩ লাখ টনে বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে মধ্যে দেশের মোট ভোজ্য তেল ব্যবহারের মধ্যে পাম তেলের অংশ ১৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫২ শতাংশে। তবে দক্ষিণ এশিয়ায় গত বছর ২০০৩ সালের তুলনায় মালেশিয়ান পাম তেল আমদানি ২২ শতাংশ হ্রাস পেলেও বাংলদেশে তা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত বছরে বিশ্বে পাম তেল উৎপাদিত হয় প্রায় তিন কোটি টন। এর মধ্যে মালেশিয়ায় উৎপাদিত হয় ৪৭ শতাংশ। অন্যদিকে বিশ্ব তেল উৎপাদনে সয়াবিন ২৪ শতাংশ ও পাম তেল ২৩ শতাংশ উৎপাদিত হয়।