২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল, চিনি, ছোলা, সয়াবিন তেল, মসলার দাম আরেক দফা বেড়েছে

রমজানকে সামনে রেখে চাল, চিনি, ছোলা, সয়াবিন তেল, মসলা ও শাক সবজির দাম আরেক দফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ঢাকার কাওরানবাজারে শুক্রবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ২৫ থেকে ২৬ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ২৩ থেকে ২৪ টাকা। অপরদিকে, নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ২২ থেকে ৩০ টাকা কেজি দরে। এছাড়া পরি, ইরি ও পাইজামসহ অন্যান্য মোটা চালের দাম গত সপ্তাহের তুলনায় ৫০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। ১৮ টাকায় বিক্রি হয়েছে এসব মোটা চাল।

প্রতি কেজি ধনিয়া ৪৭ টাকা, জিরা ১৮০ টাকা এবং লবঙ্গ ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। এলাচি বিক্রি হয়েছে প্রতি কেজি ৪২০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৫০ টাকা বেশি। এদিকে প্রতি কেজি দারচিনি বিক্রি হয়েছে ৯০ টাকা দরে।

মসলার খুচরা বিক্রেতা শাহেব আলী বিডিনিউজকে বলেন, আসন্ন রমজানের কারণে চাহিদা বাড়লেও সে অনুপাতে সরবরাহ না থাকায় গুড়া মসলার দাম বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে তিন টাকা বেশি। চিনি এবং মসুরের ডালের দামও বেড়েছে।

গত সপ্তাহের চিনির দাম যেখানে ৩৪ টাকা ছিল এ সপ্তাহে তা চার টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৮ টাকা।

সয়াবিল তেলের পাঁচ লিটারের কৌটার দাম গত সপ্তাহে ছিল ২৩৩ টাকা। এ সপ্তাহে তার দাম ২৫৫ টাকা।

ইফতারের অন্যতম উপাদান ছোলার দাম কেজিতে দুই টাকা বেড়েছে। শুক্রবার প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৩৪ টাকা।

তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৮ টাকা। বেগুন, করলা, ঢেঁড়শের দাম দুই থেকে চার টাকা বেড়েছে। অন্যদিকে পটল ও কচুর দাম দুই টাকা কমেছে।

কারওয়ান বাজারেরর খুচরা বিক্রিতা শফিক বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় শাক সবজির দাম বেড়ে গেছে।

মাছের বাজারে, মাঝারি মানের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকায় এবং চিংড়ি প্রতি কেজি ৩৫০ টাকা।

প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ১২০ টাকায় এবং একটি মাঝারি আকারের মুরগীর দাম ছিল ১০০ টাকা।