২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ ইস্যুগুলো বিবেচনায় আনা না হলে পোশাক রপ্তানিতে এর প্রভাব পড়তে পারে

নগরীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, পোশাক শিল্প মালিকরা যদি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে তাদের কারখানাগুলোতে বর্জ্য পরিশোধন প্লাণ্ট (ইটিপি) স্থাপন না করেন, তাহলে বর্তমানে যে পরিমাণ রপ্তানি হচ্ছে, তা বজায় রাখা সম্ভব হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) দ্বিতীয় সহসভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, বিদেশী ক্রেতারা চাচ্ছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত পোশাক। তাদের কেউ কেউ যেসব কারখানায় ইটিপি স্থাপন করা হয়নি, সেগুলোকে পোশাকের অর্ডার দেবেন না।

তিনি বলেন, পোশাক খাত থেকে প্রতিবছর ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয় এবং এ খাতে ২০ লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে।

তিনি আরও বলেন, ক্রেতারা চাচ্ছেন, পোশাকের বুনন ও ডাইং প্রক্রিয়ায় অকোটেক্স অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হোক। তাদের এ দাবি মেটাতে পরিবেশ বান্ধব একটি পদ্ধতি দরকার।

তবে আনোয়ার-উল-আলম বলেন, পোশাক তৈরিতে ব্যবহৃত কেমিক্যালগুলো খুবই দামী এবং কোনও কোনও ক্ষেত্রে তা ক্ষতিকারক। তাছাড়া মালিকরা মনে করেন, ইটিপি স্থাপন করা খুবই ব্যয়বহুল।

তিনি বলেন, মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্যয় কমানো সম্ভব। আর সেক্ষেত্রে ক্রেতাদের দাবি পূরণ করা আমাদের জন্য সহজ হবে।

বিজিএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), স্টকহোম এনভায়রনমেন্ট ইন্সটিটিউট (এসইআই) এবং লিডস ইউনিভার্সিটি ঢাকার ব্রাক সেন্টারে যৌথভাবে ‘সাপোর্টিং ইমপ্রুভড ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ইন দ্য টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসইআই’র গবেষক ড. ম্যাথু চাদউইক, লিডস ইউনিভার্সিটির ড. জেরি ন্যাপ, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ’র গবেষক ড. মইনুল শরিফ, বিটিএমএ’র সাধারণ সম্পাদক জিকে তৌফিক হাসান প্রমুখ।

আয়োজকরা শিল্প মালিকদের সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ইটিপি এবং ডাইং বিষয়ে ধারণা দেওয়ার জন্য ভিন্ন দু’টি ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইট দু’টি হচ্ছে, www.sei.se/asia/etp এবং www.sei.se/asia/dyenetwork.