দেশে মাত্র সাড়ে ৮ লাখ লোক আয়কর পরিশোধ করে
দেশে বর্তমান করদাতা পরিচিতি নম্বর (টিআইএন) গ্রহণকারীর সংখ্যা ১৬ লাখ ৩২ হাজার ১৫২ জন। তবে এদের মধ্যে মাত্র ৮ লাখ ৫৭ হাজার ৯৪২ জন আয়কর পরিশোধ করেছেন।
বিএনপির সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন বৃহস্পতিবার সংসদে একথা জানান। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি প্রশ্নের জবাব দেন। প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৯৬০ কোটি টাকা।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের কর আপীলেট আদালতগুলোতে বর্তমান ১ হাজার ১৮৯টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ঢাকায় চারটি আদালতে ৮৩৪টি, চট্টগ্রামে একটি আদালতে ১৯২টি এবং খুলনার একটি আদালতে ১৬৩টি মামলা রয়েছে।
খেলাপী ঋণ ও ঋণ খেলাপী
শাহ আবুল হোসাইন জানান, দেশে বর্তমানে মোট খেলাপী ঋণের পরিমাণ প্রায় ১৮ হাজার ৪৪২ দশমিক ৯৪ কোটি টাকা। এর মধ্যে ৬৬ হাজার ৯৮ জনের কাছেই মোট খেলাপী ঋণের ১৪ হাজার ২০৬ কোটি টাকা পাওনা রয়েছে। এদের ঋণের পরিমাণ এক লাখ টাকার ওপরে। বাকি টাকা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের কাছে পাওনা।
ওয়েজ আর্নার্স বন্ড
প্রতিমন্ত্রী আরও জানান, ওয়েজ আর্নার্স বন্ডের মাধ্যমে বিগত অর্থবছরে দেশে ৪২১ কোটি ৩৭ লাখ টাকার বিনিয়োগ এসেছে।
কর আদায় লক্ষ্যমাত্রা
প্রতিমন্ত্রী জানান, বিগত অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ৩৮ হাজার ৯২৬ দশমিক ৮২ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৭২২ কোটি টাকা।
বিদেশী ঋণ ও সুদ পরিশোধ
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ১০ বছরে বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ২৬ হাজার ৬২৩ দশমিক ১৪ মিলিয়ন টাকা ঋণ পাওয়া গেছে। এর সুদ হিসেবে প্রায় ৭৬ হাজার ৯২২ দশমিক ০৫ মিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে।
