২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি প্রতিবেদন: আর্থিক বিচারে যোগাযোগ খাত দুর্নীতিতে শীর্ষে

আর্থিক বিচারে দেশের যোগাযোগ খাত দুর্নীতিতে শীর্ষে। এটি মোট আর্থিক ক্ষতির ২৩ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলো হচ্ছে-পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং যোগাযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য উস্থাপন করে। ২০০৪ সালের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনভিত্তিক দুর্নীতি বিষয়ক গবেষণায় এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ, কর, এনজিও এবং বন ও পরিবেশ-এ পাঁচটি খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দুর্নীতির ফলে মোট আর্থিক ক্ষতির তিন চতুর্থাংশ।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংস্থার সহকারী গবেষক তানভীর মাহমুদ সোহাগ। এসময় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ ড. মোজাফর আহমেদ এবং নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলোতে দুর্নীতির ধরন বিশ্লেষণ করে দেখা যায়, পুলিশ বিভাগে ঘুষ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে অর্থ-সম্পদ আত্মসাতের মাত্রা ছিল সর্বাধিক। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি হয় সবচেয়ে বেশি।

সংবাদপত্রে প্রকাশিত ৩৭০টি প্রতিবেদনে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৪১৩ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকা।

দুর্নীতি প্রতিরোধের জন্যে টিআইবি যে সুপারিশগুলো করে, সেগুলো হচ্ছে-দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় ও কার্যকর করা, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করা, সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির প্রতিবেদনগুলো যাচাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্যে প্রতিটি মন্ত্রণালয় ও কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথক সেল গঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথক ন্যায়পাল নিয়োগ করা।

ড. মোজাফর আহমেদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইতোমধ্যে একটি সেল গঠন করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে সামরিক খাতের উল্লেখ করে তিনি বলেন, অনেক মন্ত্রণালয়ের দুর্নীতির খবর সংবাদপত্রে আসে না।

টিআইবি’র সপ্তম তথ্যপত্র প্রকাশনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষই দুর্নীতির শিকার। তাই এ ধরনের দুর্নীতির তথ্যের মাধ্যমে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবেন।

বিগত বছরেও দুর্নীতি কমেনি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনের সুষ্ঠু দ্বায়িত্ব পালনের মধ্য দিয়ে দুর্নীতি কমানো যেতে পারে।

দুর্নীতির ঘটনাগুলোর মধ্যে ৫৬ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি এবং মাত্র ২১ শতাংশ ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং ছয় শতাংশ ঘটনায় মামলা দায়ের করা হয়। সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে যোগাযোগ খাতে ৮৫ শতাংশ, স্বাস্থ্য খাতে ৭৭ শতাংশ এবং পুলিশের ক্ষেত্রে ৭৬ শতাংশ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

অন্যদিকে দুর্নীতিতে জড়িত ব্যক্তিবর্গের মধ্যে সরকারি ৭২ শতাংশ, বেসরকারি ১৩ শতাংশ, নির্বাচিত জনপ্রতিনিধি ৭ শতাংশ, এনজিও ও রাজনৈতিক কর্মীরা উভয়ই প্রায় ৩ শতাংশ।