সাফটার বিশেষজ্ঞ কমিটির ১১তম বৈঠক আগামী মাসে ইসলামাবাদে
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) বিশেষজ্ঞ কমিটির ১১তম বৈঠক আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার বিডিনিউজকে জানান, আগামী বছরের এক জানুয়ারি থেকে সাফটা চুক্তি কার্যকর হওয়ার কথা। সদস্য দেশের শীর্ষ নেতারা নভেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে সাফটা চুক্তি নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠকসমূহের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ কিমিটির আলোচকরা চাপের মধ্যে আছেন।
বাংলদেশ সরকারের সাফটা আলোচক ফজলুর রহমান বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলোচনা শেষ করার জন্য সার্ক সম্মেলনের তারিখ এগিয়ে আসার সাথে সাথে চাপও বাড়ছে সদস্য দেশের আলোচকদের ওপর।
এর আগে দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল চালু করার উদ্দেশ্যে সার্ক নেতৃবৃন্দ ইসলামাবাদে অনুষ্ঠিত ১২তম বৈঠকে সাফটা চুক্তি সাক্ষর করে। ২০০৬ সালের এক জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা।
গত এক বছরেরও বেশি সময় ধরে রুলস অব অরিজিন, সেনসিটিভ লিষ্ট, এলডিসিভুক্ত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের কৌশল এবং সার্কভুক্ত এলডিসি দেশগুলোকে কারিগরি সহায়তা-এই চারটি বিষয়ের সুরাহার জন্য আলোচকরা কঠিন সময় পার করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সার্ক সদস্যভুক্ত দেশগুলো ইতোমধ্যেই কারিগরি সহায়তা ইস্যুতে একটি মতৈক্যে পৌঁছলেও রুলস অব অরিজিন এবং সেনসিটিভ লিষ্ট’র মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছতে পারে নি।
তিনি বলেন, আগষ্টের ৩১ তারিখে কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে রুলস অব অরিজিন নিয়ে ভারত একটি প্রস্তাব পেশ করে। কিন্তু নিজেদের প্রস্তাব বিবেচনা না করায় বাংলাদেশ ও মালদ্বীপ ওই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়।
সূত্র জানায়, কাঠমান্ডু বৈঠকে সেনসিটিভ লিষ্ট নিয়ে সদস্য দেশগুলো নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও কোনও চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক আলোচক জানান, নভেম্বরের ১২-১৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩তম সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় নেতৃবৃন্দ আলোচনার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবেন।
ট্যারিফ কমিশন সূত্র জানায়, বিশেষজ্ঞ কমিটির নবম বৈঠকে বাংলাদেশ ১৩শ’ পণ্যের একটি সেনসিটিভ লিষ্ট উপস্থাপন করে।
এছাড়া বাংলাদেশ রপ্তানিযোগ্য পাঁচ শ’ পণ্যের একটি তালিকাও জমা দেয়।
