২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা হার্ডবোর্ড মিলে আবারও উৎপাদন শুরু হয়েছে

দেশের একমাত্র হার্ডবোর্ড কারখানা খুলনা হার্ডবোর্ড মিলে বুধবার থেকে পুনরায় বানিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অধীন লাভজনক এ মিলটি ২০০২ সালের ১৫ ডিসেম্বর মাসে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 12:59 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দীর্ঘ শ্রমিক আন্দোলনের মুখে শিল্প মন্ত্রণালয় চলতি বছর মার্চ মাসে মিলটি পুনরায় বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার সকালে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী মিলে পুনঃউৎপাদন কাজের উদ্বোধন করেছেন।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, খুলনা হার্ডবোর্ড মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা দুই কোটি ১০ লাখ স্কয়ার ফুট। দেশে এখন হার্ডবোর্ডের চাহিদা প্রায় দুই কোটি স্কয়ার ফুট। এ পরিমাণ হার্ডবোর্ড প্রতি বছর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। খুলনা হার্ডবোর্ড মিল উৎপাদনে সাফল্য দেখাতে পারলে বিদেশ থেকে হার্ডবোর্ড আমদানি নির্ভরতা অনেকাংশেই কমে যাবে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকার দলীয় হুইপ মোঃ আশরাফ হোসেন, সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার এমপি।

বক্তারা বলেন, মিলটি লাভজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হলে বিদেশ থেকে হার্ডবোর্ড আমদানির ক্ষেত্রে পিএসআই-এর পরিবর্তে ট্যারিফ প্রথা চালু করা জরুরি। কেননা ট্যারিফ প্রথা চালু থাকলে কর ফাঁকি দিয়ে হার্ডবোর্ড আমদানি করে বাজারে কম দামে হার্ড বোর্ড বিক্রির সুযোগ থাকবে না।

মিল সংশ্লিষ্টরা হার্ডবোর্ড তৈরির প্রধান কাঁচামাল সুন্দরবনের আগামরা গেওয়া, সুন্দরী ও অন্যান্য কাঠ সরবরাহের জন্য বন বিভাগের প্রতি আহ্বান জানান। অন্যথায় সাধারণ বাজার থেকে উচ্চ মূল্যে কাঠ ক্রয় করে কাঁচামালের যোগান দিতে গিয়ে মিলটি লোকসানে পড়তে পারে। পাশাপাশি জ্বালানি ক্ষত্রে ফার্নেস অয়েল নির্ভর কারখানাটিতে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুল হক ফার্নেস অয়েলের বর্তমান বাজার দর লিটার প্রতি ১৪ টাকার পরিবর্তে খুলনা হার্ডবোর্ড মিলের ক্ষেত্রে ছয় টাকা নির্ধারণের দাবি জানান।