২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০৭ এর মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করতে বাংলাদেশ ও পাকিস্তান সম্মত

বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০৭ এর মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করতে একমত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 04:01 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এমর্মে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে একটি সম্মত কার্যবিবরণী স্বাক্ষর করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) মিলনায়তনে কার্যবিবরণীটি প্রণীত হওয়ার পর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, এটি উচ্চাকাক্সক্ষী কোনও সিদ্ধান্ত নয়, বরং অর্জনযোগ্য লক্ষ্য।

আলতাফ হোসেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর অর্থ ও রাজস্ব বিষয়ক উপদেষ্টা ড. সালমান শাহ নিজ নিজ দেশের সরকারের পক্ষে কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।

আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে ত্রিশ কোটি লোক বাস করে। সম্মত কার্যবিবরণীটি এ দুদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

পাকিস্তান বাংলাদেশকে বছরে ১৫ হাজার টন চা রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। আগে বাংলাদেশ ১০ হাজার টন চা রপ্তানির ক্ষেত্রে এ সুবিধা পেত। পাট ও পাটজাত দ্রব্যের ক্ষেত্রেও একই সুবিধা দিতে পাকিস্তান সম্মত হয়েছে।

ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক সামগ্রী, টয়লেট্রিজ, তৈরি পোশাক, মেলামাইন, সিরামিক সামগ্রীসহ ১০৪ ধরনের বাংলাদেশী পণ্যকে পাকিস্তানে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ জানানো হয়েছে।

শুল্কমুক্ত প্রবেশাধিকার সম্পর্কে বলতে গিয়ে সালমান শাহ বলেন, নিজেদের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই সম্মত কার্যবিবরণীটি স্বাক্ষরিত হয়েছে। আমরা চাই উভয় দেশ এফটিআই বাস্তবায়নের দিকে এগিয়ে যাক।

সাফটা সম্পর্কে সালমান শাহ বলেন, বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর উভয় দেশ গুরুত্ব দিচ্ছে। এ দ্বিপাক্ষিক এবং মুক্ত বাণিজ্য সাফটার উদ্দেশ্য পূরণে সহায়ক হবে।

বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন পরিবীক্ষণ ও পর্যালোচনা করতে একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। কমিটি প্রতি ছয় মাস পর পর বৈঠকে মিলিত হবে। আগামী ডিসেম্বরে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী জেইসি বৈঠকের আগে ২০০৬ সালের জুলাইয়ে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য মেলা অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ ও পাকিস্তান সম্মত হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, টেক্সটাইল, পাটজাত দ্রব্য, ইলেক্ট্রনিক্স ও হালকা প্রকৌশল যন্ত্রপাতি, চামড়া, কৃষিভিত্তিক শিল্প, কৃষি যন্ত্রপাতি এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ উৎসাহিত করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে।

মৎস্য ও পশু সম্পদ সংক্রান্ত সহযোগিতার কথাও কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এর ফলে দু’দেশের মধ্যে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও প্রশিক্ষণ বিনিময় বৃদ্ধি পাবে। পাকিস্তান বাংলাদেশে তুলা ও গমের সাথে সম্পর্কিত প্রযুক্তি রপ্তানি করবে।

দু’দেশের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আরও বলা হয়, বিনিয়োগ তৎপরতা বৃদ্ধির জন্যে একটি যৌথ তহবিল গঠন করা হবে। এছাড়া দু’দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ব্যাপারেও ঐকমত্য হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের এটি ছিল অষ্টম বৈঠক।

দু’দেশের মধ্যে বর্তমানে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ২০০ মিলিয়ন মার্কিন ডলার।