হরতালের কারণে টাটার সঙ্গে আলোচনা ফের পিছিয়ে গেল
বিরোধী দলের ডাকা ২১ সেপ্টেম্বরের হরতালের কারণে বাংলাদেশে টাটার বিনিয়োগ সংক্রান্ত তৃতীয় পর্যায়ের আলোচনা আরও এক সপ্তাহ পিছিয়ে গেল।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, ‘টাটার প্রতিনিধিদলের ১৯ সেপ্টেম্বর ঢাকা আসার কথা ছিল। কিন্তু হরতালের কারণে আমরা তাদের ২৫ সেপ্টেম্বর আসতে বলেছি’।
তিনি বলেন, তৃতীয় পর্যায়ের এ আলোচনা অনুষ্ঠিত হবে তিন সপ্তাহব্যাপী। এসময় স্টিল, বিদ্যুৎ ও সার কারখানা স্থাপনের জন্য কয়লা উত্তোলনের লাইসেন্স, বার্ষিক অনুদান, বিদ্যুৎ ক্রয় ও গ্যাসের দাম নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ আলোচনায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম। অন্যদিকে টাটা পক্ষে নেতৃত্ব দেবেন টাটা সনস অ্যাণ্ড সুকরান সিংয়ের নির্বাহী পরিচালক অ্যালান রোসলিং।
প্রথমে তৃতীয় পর্যায়ের এ আলোচনা হওয়ার কথা ছিল জুলাই মাসে। কিন্তু সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের স্থলাভিষিক্ত কে হবে, তা নির্ধারণ করতে দেরি হওয়ায় এ আলোচনা পিছিয়ে যায়। জাকির আহমেদ সম্প্রতি বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক নিযুক্ত হয়েছেন।
