কয়লা উত্তোলনে এশিয়া এনার্জি ৩০ কোটি ডলারের যন্ত্রপাতি আমদানি করবে
ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশী কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান এশিয়া এনার্জি ৩০ কোটি মার্কিন ডলারের যন্ত্রপাতি আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে।
এশিয়া এনার্জি সূত্র জানায়, বাংলাদেশে এটা একক সর্ববৃহৎ যন্ত্রপাতি আমদানি উদ্যোগ।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কমাটসু এবং ক্যাটারপিলার যৌথভাবে এক্সক্যাভেটর, বড় ট্রাক ও ডজারসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের এ অর্ডার পেতে পারে বলেও সূত্র জানায়।
এ উপলক্ষে সিঙ্গাপুর কমাটসু এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের খনি বিভাগের ব্যাবস্থাপনা পরিচালক রালফ ম্যাকমিলানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে রয়েছে। প্রতিনিধি দল এশিয়া এনার্জি পিএলসি’র নির্বাহী পরিচালক বিল ম্যাকিনটোশসহ এশিয়া এনার্জি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবে।
এছাড়া কমাটসুর এ দলটি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করবে।
কয়লা উত্তোলনের যন্ত্রপাতি সরবরাহকারী এ দুটি প্রতিষ্ঠানকেই যন্ত্রপাতির ব্যবহার সংক্রান্ত ফুলবাড়িতে অনুষ্ঠিত এক কর্মশালায় বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আহ্বান জানানো হবে। কমপক্ষে একশ’ প্রশিক্ষণার্থীকে সরবরাহকৃত এসব মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।
আমদানির অপেক্ষায় এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে পিসি ৮০০০ এর ডিজেল চালিত ছয়টি শাভল, পিসি ৫৫০০ এর ছয়টি ডিজেল চালিত এক্সকাভেটর, পেছনে ডিজেল মজুদ রাখার ব্যবস্থা সম্পন্ন ১৭৫০ কিলোওয়াটের ৮০টি এবং ১৩৭৫ কিলোওয়াটের ১০টি হোলট্রাক।
যন্ত্রপাতিগুলো কাজ শুরু করলে প্রতি বছর এক কোটি ৫০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব হবে। যার মাধ্যমে দেশের মোট ছয় হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জ্বালানি চাহিদা পূর্ণ করতে সম্ভব হবে।
এশিয়া এনার্জি এশিয়ার সমুদ্রবর্তী বাজারে এবং ভারতে কয়লা রফতানি করবে এবং এটি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী জ্বালানি শক্তির একটি উৎসে পরিণত করবে।
