২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার রুলস অব অরিজিন সহজ করার আহবানে বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন শনিবার অস্ট্রেলিয়ার বাজার সুবিধা প্রাপ্তির জন্য রুলস অব অরিজিন সহজ করার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি বলেন, বাংলাদেশকে কোটামুক্ত বাজার সুবিধা দেয়ার পর অস্ট্রেলিয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে। অথচ কানাডার কোটামুক্ত বাজার সুবিধা পাওয়ার পর বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৪০ শতাংশ।

‘বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে বাণিজ্য মন্ত্রী একথা বলেন।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার লোরেইন বারকার, বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন এবং এবিসিসিআই’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওবায়েদুর রহমান।

লোরেইন বারকার বলেন, অস্ট্রেলিয়ার বাজার সম্পর্কে বাংলাদেশী উদ্যোক্তাদের জানার অভাব রয়েছে।

বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের অধিক সফরের আহবান জানিয়ে তিনি বলেন, এসব সফরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বাজার সম্পর্কে সম্যক ধারনা লাভ করবে।

অস্ট্রেলিয়ার হাই কমিশনার বলেন, অস্ট্রেলিয়ার টেক্সটাইল ও ফুটওয়্যার সেক্টরে সম্ভাবনাময় বাজারের সুযোগ নিতে পারে বাংলাদেশী উদ্যোক্তারা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

মীর শাহাবুদ্দিন বলেন, অস্ট্রেলিয়ার রুলস অব অরিজিনের আওতায় স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্তির জন্য দেশীয় ভ্যালু এডিশনের পরিমান ৫০ শতাংশ। অন্যদিকে একই ক্ষেত্রে কানাডার ভ্যালু এডিশনের পরিমান ২৫ শতাংশ। তিনি একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

অস্ট্রেলিয়া ২০০৩ সালের জুলাই থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা কার্যকর করেছে।

অস্ট্রেলিয়ায় ২০০৩-০৪ সালে বাংলাদেশের রপ্তানির পরিমান ছিল ৩ কোটি ৬৭ লাখ ডলার এবং গত অর্থবছরে এর পরিমান ছিল ৩ কোটি ডলার।