‘জ্বালানি’র দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়তে পারে’
রাজধানীর চাল ব্যবসায়ীরা আশংকা প্রকাশ করছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চালের মূল্য বাড়তে পারে। যদিও গত সপ্তাহে চালের মূল্য কেজি প্রতি ৫০ পয়সা কমেছে।
কারওয়ানবাজারের পাইকারি চাল বিক্রেতা আমির হোসেন বিডিনিউজকে বলেন, পরিবহন খরচ বাড়লে চালের মূল্য কমার প্রবনতা আর নাও থাকতে পারে।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা তাদের মজুদে থাকা চাল এখন বিক্রি করছে। আমরা জানিনা আগামী সপ্তাহ থেকে চাল পরিবহনের ভাড়া কত হবে।
কারওয়ানবাজারে মিনিকেট চাল ২৩ থেকে ২৫ টাকা, নাজিরশাল ২২ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। পরি, ইরি, পাইজামসহ মোটা চালের মূল্য গত সপ্তাহে ৫০ পয়সা কমেছে। সাড়ে ১৭ টাকা কেজি দরে মোটা চাল বিক্রি হতে দেখা যায়। দেশি পিয়াঁজ ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহের তুলনায় পিয়াঁজের মূল্য ২ টাকা বেড়েছে। চিনি এবং মসুরি ডালের মূল্যও গত সপ্তাহের তুলনায় ২ টাকা বেড়েছে। তবে সয়াবিন তেলের মূল্য একই আছে।
কাঁচা মরিচের দাম কিছুটা কমে এখন ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন, করলা, ঢেঁড়শের দাম দুই থেকে চার টাকা বেড়েছে। অন্যদিকে পটল ও কচুর দাম অপরিবর্তিত আছে।
কাওরানবাজারের মো. আজাদ নামে একজন খুরচা বিক্রেতা বলেন, শাকসজ্বির দাম সরবরাহের হ্রাসবৃদ্ধির ওপর উঠানামা করে।
মাছের বাজারে ইলিশের দাম কিছু কমেছে। একজন ইলিশ বিক্রেতা জানান, মাঝারি সাইজের ইলিশের দাম আগে যেখানে দুই শত টাকা বিক্রি হতো, শুক্রবার তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে বরিশাল ও চাঁদপুরের ইলিশের সরবরাহ বেড়েছে।
