আরব আমিরাত থেকে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে
আরব আমিরাত থেকে গত অর্থবছরে দেশে পাঠানো রেমিটেন্সের পরিমান আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে।
চলতি বছর জুনে সমাপ্ত অর্থবছরে আমিরাত থেকে পাঠানো রেমিটেন্সের পরিমান ছিল ১৬২ কোটি দিরহাম (৪৪ কোটি ২৪ লাখ ডলার)। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১৩৭ কোটি দিরহাম। বাংলাদেশ ব্যাংক ও আমিরাতের বিভিন্ন ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া যায়।
পাঠানো রেমিটেন্সর বিশ্লেষন করলে দেখা যায়, আমিরাত থেকে জন প্রতি রেমিটেন্স পাঠানোর বার্ষিক হার ৫,৪১০ দিরহাম।
আমিরাতে প্রায় তিন লাখ বাংলাদেশী বসবাস করে। এদের বেশীরভাগ কম মজুরীর শ্রমিক। তারা বিভিন্ন ধরনের নির্মাণ প্রতিষ্ঠান, গার্মেন্টস ও টেইলারিং দোকান, অটো ওর্য়াকশপ, দোকান, এবং ফল ও সবজি বিক্রয় কেন্দ্র কাজ করে। এসব প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মাসে গড়ে ৪৫০ থেকে এক হাজার দিরহাম পেয়ে থাকে।
আমিরাতে কর্মরত প্রবাসী শ্রমিকরা সৌদি আরব থেকেও গড়ে বেশি আয় করে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের সংখ্যা প্রায় ১৫ লাখ। এই শ্রমিকরা বছরে গড়ে তিন হাজার ৬৬৬ দিরহাম বা মাসে ৩০৫ দিরহাম আয় করে।
গত অর্থবছরে দেশে ৩৮৪ কোটি ডলার (১,৪০০ কোটি দিরহাম) রেমিটেন্স এসেছে। এর মধ্যে মধ্যপ্রাচের গালফ অঞ্চলের ছয়টি দেশ থেকে রেমিটেন্স আসে ২৬৯ কোটি ডলার (৯৮০ কোটি দিরহাম)। এই অঞ্চলে দেশে প্রবাসী শ্রমিককের সংখ্যা ২০ লাখ।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টসের পর রেমিন্ট্যান্সের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে। বর্তমান সময়ে বৈদেশিক রিজার্ভ ঘাটতি মেটানোর পেছনে রেমিটেন্সের বড় ধরনের প্রভাব রয়েছে।
অবশ্য এখনো হাওলা ও হুন্ডির মাধ্যমে বড় পরিমানে রেমিটেন্স দেশে আসছে।
আমিরাতের জিডিপির পাঁচ শতাংশ বা ৪০০ কোটি ডলার প্রবাসী শ্রমিকরা নিজ নিজ দেশে পাঠিয়ে থাকে। ১৯৯৬ সালে আমিরাত থেকে সর্বোচ্চ তার জিডিপির ৭.২ শতাংশ প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়েছে।
আমিরাত থেকে প্রধানত ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশে রেমিটেন্স যায়।
আবুধাবি চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে জানা যায়, গালফ অঞ্চল মোট রেমিটেন্সের ১৫ শতাংশ আমিরাত থেকে বিভিন্ন দেশে যায়।
২০০৪ সালে গালফ অঞ্চলে প্রবাসী শ্রমিকরা ২,৭০০ কোটি ডলার আয় করে।
