জ্বালানি তেলে ভর্তুকি হ্রাসের উদ্যোগ নিলেও পাচার রোধে সম্বনিত উদ্যোগ নেই
দাতা সংস্থার পরামর্শে জ্বালানি তেলে ভর্তুকি হ্রাসের উদ্যোগ নিলেও পাচার রোধে সম্বনিত মনিটরিং ব্যবস্থা নেই সরকারের।
আন্তর্জাতিক বাজার অনুসারে দফায় দফায় তেলের মূল্য বাড়ার পরও পাশ্ববর্তী ভারত ও মায়ানমারে উচ্চ তেল মূল্য থাকায় বাংলাদেশ থেকে পাচার হ্রাস পায়নি।
সীমান্তবর্তী অঞ্চলে অত্যধিক পাম্প স্টেশন স্থাপনের মাধ্যমে একটি চক্র তেল পাচারের ব্যবস্থা কার্যকর রেখেছে। চোরাচালানের স্বার্থে অব্যাহত রয়েছে ডিপো থেকে তেল উত্তোলনে অব্যবস্থা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমূল হক বলেন, সরকারি কর্মকর্তারা জড়িত না থাকলে তেল পাচার সম্ভ^ব নয়। সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত্ব বেনাপোল, সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজার অঞ্চলে এত পাম্প স্থাপনের অনুমতি সরকার কেন দিয়েছে।
ডিপো থেকে তেল উত্তোলনে বর্তমান অব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বিডিনিউজকে বলেন, বর্তমান পদ্ধতিতে যে কোন প্রতিষ্ঠান যে কোন পরিমান তেল তুলতে পারে। অথচ আগে ইনটেন্ড ইস্যু করে তেল উত্তোলন করা হতো। ফলে বর্তমান ব্যবস্থায় তেল পাচার সহজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান শেখ খোরশেদ আলম বলেন, গত মাসে খুলনা বিভাগীয় অঞ্চলে জ্বালানি তেল পাচার ও ভেজাল রোধে চার-পাঁচটি পাম্পের অনুমতি বাতিল করেছি। যশোরের জেলা প্রশাসক জানিয়েছেন, তেল পাচার রোধে ভারতীয় ট্রাক ও লরিগুলোকে কাস্টমস এলাকার বাইরে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
গত মাসে বড় ধরনের তেল পাচারকালে খুলনায় কোস্টগার্ড কয়েকজনকে গ্রেফতার করে। এ কারনে দুটি স্টেশনের অনুমতি বাতিল করা হয়। এছাড়াও কক্সবাজারে তেল পাচারকালে একটি গ্রুপ ধরা পড়ে। তবে এ ব্যাপরে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
বিপিসি চেয়ারম্যান বিডিনিউজকে জানান, তিনি এ মাসের মাঝামাঝি উত্তরাঞ্চলে ভেজাল ও পাচার রোধে আবারো ডিপো সফরে যাবেন।
সীমান্তবর্তী এলাকায় পাম্প স্থাপনে অনিয়ম প্রসঙ্গে শেখ খোরশেদ আলম বলেন, আমি নতুন যোগদান করেছি। এ ধরনের অনিয়ম হলে অবশ্যই তা বাতিল হবে।
বিপিসি চেয়ারম্যান উল্লেখ করেন, ডিপোতে তেল নেয়ার পথে বিভিন্ন ধরনের ভেজাল ও অনিয়ম হয়ে থাকে। এ কারণে আমরা প্রতিটি ডিপোতে শক্তিশালী ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছি।
দেশে বর্তমানে পেট্রোল পাম্পের সংখ্যা ১,৭০০। আরও ২০০ পাম্প অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা যায়।
